
সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে হয়ে গেল বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট। এর আগে কনসার্ট নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে মূল পত্রিকায়। এবার জেনে নিন কনসার্ট দুটির টুকিটাকি...
আষাঢ়ের শুরু। অথচ বৃষ্টির নেই দেখা! শেষ পর্যন্ত অবশ্য আষাঢ় নিরাশ করেনি। ৭ আষাঢ়, ২১ জুন রাজধানী ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে দুপুরে তখন খররোদের দাপট। আর এই খররোদ উপেক্ষা করেই ফ্যান্টাসি কিংডমের কনসার্ট মঞ্চের সামনে দেশের নানা প্রান্ত থেকে জড়ো হতে থাকেন কনসার্টপ্রেমীরা। ঘোরাফেরার পাশাপাশি প্রিয় শিল্পীদের গান শোনা এবং চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনয়শিল্পীদের কাছ থেকে মাদক সম্পর্কে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা ছিল বাড়তি পাওনা।
কনসার্ট ভেন্যুতে সবার আগে এসে পৌঁছান ক্লোজআপ তারকাখ্যাত রিংকু। বললেন, ‘ছুটির দিন। তাই সঙ্গে স্ত্রী ও সন্তানকে নিয়ে এসেছি।’
পৌনে চারটার দিকে ফ্যান্টাসি কিংডমে এসে পৌঁছান সেরাকণ্ঠের ইমরান। ‘আজ সকালেই ভারতে মিউজিক ভিডিওর শুটিং করে এলাম। সারা রাত ঘুমোতে পারিনি। মাদককে “না” বলার মতো এমন একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে করছি।’ বললেন ইমরান।
ফ্যান্টাসি কিংডমের মঞ্চের বিশ্রামকক্ষের বাইরে বসে আড্ডা দিচ্ছিলেন ন্যান্সি। আসিফ তাঁকে বললেন, ‘তোমার মায়ের মারা যাওয়ার খবরটা আমাকে বেশ অবাক করছে। আমি খুবই দুঃখিত। তোমার মা কিন্তু আমাদের খুব পছন্দের মানুষ ছিলেন।’
আসিফ জানালেন, তিনি এসেছেন মিরপুর স্টেডিয়াম থেকে। সেখানে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন। পাঁচ রানের জন্য নাকি হেরে গেছেন।
ইমন, নিপুণ ও আরেফিন শুভ এলেন খুব কাছাকাছি সময়ে। আসিফের মতো ইমনও এসেছেন মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলে। হেরে যাওয়ায় মন কিছুটা খারাপ বলে জানালেন।
বাংলা চলচ্চিত্রের খলচরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর ফ্যান্টাসি কিংডমের বিশ্রামকক্ষে ঢুকে সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। মঞ্চে এসে বললেন, ‘পর্দায় সবাই আমাকে মদপান, ধূমপান করতে দেখেছেন, আমি কিন্তু জীবনে কোনো দিন নেশা করিনি।’

তিশা ঈদের নাটকের শুটিং করছিলেন। শুটিং থেকে কয়েক ঘণ্টার বিরতি নিয়ে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীকে সঙ্গে নিয়ে ফ্যান্টাসি কিংডমে মাদককে ‘না’ বলতে আসেন। ফারুকী-তিশা দম্পতির আলাপচারিতায় মুগ্ধ হন দর্শকেরা। তিশার ভালোবাসায় মাদকের আসক্তি থেকে কীভাবে বেরিয়ে আসেন, তা জানান ফারুকী।
গানের মধ্যে বিরতি। মঞ্চে আসেন জনপ্রিয় লেখক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। শোনান এক মায়ের গল্প; যে মা নিরুপায় হয়ে মাদকাসক্ত সন্তানকে খুন করার জন্য ভাড়া করেছিলেন ভাড়াটে এক খুনিকে। এরপর আনিসুল হকের আহ্বানে মাদককে ‘না’ বলার আহ্বানে সাড়া দিতে একে একে মঞ্চে আসেন সব শিল্পী। সমস্বরে তাঁরা সবাই মাদককে ‘না’ বলেন।
এদিকে আইয়ুব বাচ্চুর জন্য মঞ্চ প্রস্তুত করতে হবে। কারণ, সন্ধ্যায় আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হবে তাঁকে। মুনমুনের ঘোষণার পরই দলবল নিয়ে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু। একে একে গেয়ে শোনান বেশ কয়েকটি জনপ্রিয় গান।
সন্ধ্যা ঘনিয়ে আসে। মঞ্চে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ দেশাত্মবোধক গান দিয়ে পরিবেশনা শুরু করে দলটি। সাম্প্রতিক সময়ে টেলিভিশন ছবিতে চিরকুটের গাওয়া ‘কানামাছি’ গানটির সঙ্গে নেচে-গেয়ে উল্লাসে ফেটে পড়ে দর্শকেরা।
সব শেষে মঞ্চে আসেন আসিফ। গানের ফাঁকে ফাঁকে নানা কথা বলে দর্শকদের মাতিয়ে রাখেন। আসিফের মঞ্চ ত্যাগের সঙ্গে সঙ্গে শুরু হয় ঝুমবৃষ্টি।
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলন আয়োজিত এই কনসার্টের সহযোগিতায় ছিল কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড ও প্রথম আলো বন্ধুসভা। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও এবিসি রেডিও।