রোদেলাকে নিয়ে ন্যান্সির ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়সী মেয়ে রোদেলাকে নিয়েই এখন ন্যান্সির সব ব্যস্ততা। নেত্রকোনার একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করছে রোদেলা, সামনে তার স্কুলের চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হবে। আর তাই এখন স্টেজ শো, অডিও এবং চলচ্চিত্রের গানের রেকর্ডিংয়ের কাজকর্ম কমিয়ে দিয়ে সারাক্ষণ মেয়েকে নিয়ে ব্যস্ত আছেন ন্যান্সি।প্রথম আলো ডটকমকে ন্যান্সি বলেন, ‘বেশ কয়েক মাস আগে ঢাকার উত্তরার বাসা ছেড়ে আমি নেত্রকোনায় চলে এসেছি। গত রোজার ঈদে নেত্রকোনায় বাড়ির কাজও শেষ হয়েছে। মেয়েকে নিয়ে এখন আমি স্থায়ীভাবে নেত্রকোনায় আছি। যেহেতু সামনে মেয়ের পরীক্ষা, তাই তাকে নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। মেয়ে রোদেলার পড়াশোনা, খেলাধুলাসহ সবকিছুরই সঙ্গী আমি। তবে রোদেলার পড়াশোনার জন্য একজন গৃহশিক্ষকও রয়েছেন। মেয়ের পরীক্ষার কারণে নিজে থেকে ব্যস্ততাও কমিয়ে দিয়েছি। বেছে বেছে ভালোমানের অনুষ্ঠানগুলোতে পারফর্ম করছি।’রোজার ঈদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুপস্থিত থাকলেও এবারের ঈদে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে ন্যান্সির অনেকগুলো গানের অনুষ্ঠান প্রচারিত হয়েছে। ছিল সরাসরি গানের অনুষ্ঠানও। নেত্রকোনা থেকে সবকিছুর সমন্বয় করেন কীভাবে জানতে চাইলে ন্যান্সি বলেন, ‘এখন কেউই আমাকে হুট করে ডাকেন না। কারণ, সবাই জানেন আমি নেত্রকোনা থেকে আসব। তবে এটা ঠিক যে, হুটহাট রেকর্ডিং কিংবা শোর প্রস্তাব পেলে এখন আর তা করতে রাজি হই না। তাই মঞ্চের অনুষ্ঠান, রেকর্ডিং ও অ্যালবামের কাজসহ কয়েকটি কাজ মিলিয়ে তবেই ঢাকায় আসি। একসঙ্গে অনেক কাজ নিয়ে ঢাকায় এলেও ভালোভাবেই কাজগুলো করতে পারি।’মাস পাঁচেক আগে আনুষ্ঠানিকভাবে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সংসারজীবনের ইতি টানার পর নেত্রকোনায় একমাত্র মেয়ে রোদেলার জন্য তৈরি করেছেন নিজের পছন্দমতো বাড়ি।