রোমাঞ্চে ভরপুর এক স্টুডিও

চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছে সবাই। দুরন্ত গতিতে ছুটছে গাড়ি! দূর থেকে আসছে অন্য একটি দানবাকৃতির গাড়ি, আক্রমণ করব! আমাদের গাড়িটির রক্ষাকর্তা হিসেবে হাজির আরেকটি মানবাকৃতির গাড়ি। দানবাকৃতির গাড়িটি আমাদের গাড়িটিকে আক্রমণ করতে আসছে আর রক্ষাকারী গাড়িটি আমাদের বাঁচাতে ব্যস্ত! হঠাৎ মনে হলো, আমাদের গাড়িটিই উড়ছে! সামনে বড় বড় ভবন ভেদ করে, সব ভেঙেচুরে এগিয়ে যাচ্ছে! এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের সাই-ফাই সিটির ‘ট্রান্সফরমার দ্য রাইড: দি আলটিমেট থ্রিডি ব্যাটেল’ আয়োজনে।
আরও ভয়ংকর অভিজ্ঞতা হলো, মিসরের ‘রিভেঞ্জ অব দ্য মাম্মি’ আয়োজনে। যেখানে হঠাৎ মনে হলো, ধোঁয়া আর ভয়ংকর সব গর্জন! এই বুঝি আক্রমণ এল আমাদের ওপর! এ দুটি উত্তেজনাপূর্ণ রাইড শেষে একজন বলে উঠলেন, ‘দুর্বল চিত্তের কেউ যেন এসব আয়োজনে না আসে!’
এর পরেই নিউইয়র্ক এলাকার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি দেখার ইচ্ছাটা চেপে রাখতে পারছিলাম না। নিউইয়র্ক মানে স্টুডিওতেই তৈরি করা হয়েছে শহরটি, অবিকল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মতো। আগেই জেনেছিলাম, এখানেই দেখা যাবে বিশ্বখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের করা বিশেষ একটি শুটিংয়ের অংশ! তাই দেরি না করে চলে গেলাম ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ শীর্ষক বিশেষ আয়োজনে। প্রচন্ড ঝড়ের মধ্যে কীভাবে সব ভেঙেচুরে পড়ে যায়, সেটিই সরাসরি দেখার সৌভাগ্য হলো সেখানে। এর আগে অবশ্য বড় পর্দায় শুটিংয়ের বেশ কিছু বিষয় নিয়ে বললেন স্বয়ং স্টিভেন স্পিলবার্গ! যদিও তা দেখলাম ভিডিওতে; কিন্তু মনে হলো, এই তো! স্পিলবার্গ আমাদের চোখের সামনে!
এমন সব আয়োজনে ঠাসা সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপে অবস্থিত ‘ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর’ আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০১১ সালের ২৮ মে। ১২০ একরের রিসোর্ট ওয়ার্ল্ড সেন্টোসার ৪৯ একরের বিশাল এলাকাজুড়ে অবস্থিত এ স্টুডিওতে সব মিলিয়ে রাইড রয়েছে ২০টি। শুরুতে টিকিট কেটে দীর্ঘ লাইন ধরে ভেতরে প্রবেশ। প্রবেশমুখেই রয়েছে ইউনিভার্সাল স্টুডিওর সেই বিখ্যাত লোগো। ঘূর্ণায়মান পৃথিবীর চারপাশে ‘ইউনিভার্সাল’ লেখা। বিশাল গেটের ওপরে লেখা ‘ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর’।
ঢোকার মুখেই হাতে নিয়ে নিই স্টুডিও গাইড। সাতটি থিম জোনে ভাগ করা পুরো স্টুডিও। এগুলো হলো হলিউড, নিউইয়র্ক, সাই-ফাই সিটি, অ্যানশিয়েন্ট ইজিপ্ট, দ্য লস্ট ওয়ার্ল্ড, ফার ফার অ্যাওয়ে ও মাদাগাস্কার। এর মধ্যে প ্রবেশপথ পার হয়েই পাওয়া গেল হলিউড ‘ওয়াক অব ফেম’। এখানে আমাদের সঙ্গে আরও ছিলেন ইবনুল করিম ও নবমিতা দে। শুরুতেই আমরা চলে যাই সাই-ফাই সিটির ফোর ডি ডার্ক রাইড মোশন সিমুলেটরের ‘ট্রান্সফরমার: দ্য রাইড’ উপভোগ করতে। এর পরেই ছিল অ্যানশিয়েন্ট ইজিপ্টের এনক্লোজড স্টিল রোলার কোস্টারের ‘রিভেঞ্জ অব দ্য মাম্মি: দ্য রাইড’ শীর্ষক আয়োজন।
দুটি তুমুল উত্তেজনাপূর্ণ আয়োজন শেষে যখন কিছুটা সহজ আয়োজন খুঁজছি, তখন পাওয়া গেল ‘দ্য লস্ট ওয়ার্ল্ড’ এলাকার রিভার র্যাপিডসের ‘জুরাসিক পার্ক র্যাপিড অ্যাডভেঞ্চার’। এর আগে অবশ্য বিশেষ নিরাপত্তা বক্সে নিজেদের জিনিসপত্র রেখে কিনতে হয়েছিল পলি পোশাক। দারুণ এ আয়োজনের মাঝপথে হঠাৎই ভয়ংকর এক ডাইনোসর ভিজিয়ে দেবে পানি ছিটিয়ে। পানি ছেড়ে উঠতেই আবার মনোযোগ দিলাম স্টুডিও গাইডে। পেয়ে গেলাম পরের আয়োজন। বিশেষ থ্রিডি এফেক্টের ‘শ্রেক ফোর ডি অ্যাডভেঞ্চার’ দেখলাম, যেখানে শো চলার একপর্যায়ে পানির হালকা ছিটে এসে পড়ে গায়ে! আবার গেলাম পানির আয়োজনে। মাদাগাস্কারে ওয়াটার বোট রাইডে করে ‘মাদাগাস্কার: এ ক্রিয়েট অ্যাডভেঞ্চার’ শীর্ষক আয়োজনে দেখা গেল অনেক কিছুই। বিশেষ বোটে করে যখন চারপাশের সব আয়োজন দেখে দেখে যাচ্ছি সবাই, একেবারে শেষ মুহূর্তে এসে দেখা গেল বিশাল গেট, যেখানে ওপর থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে! এর নিচ দিয়ে যেতে হবে, তাই পানি থেকে বাঁচতে সবাই নিজেদের স্মার্টফোন, ক্যামেরা ইত্যাদি লুকাতে ব্যস্ত। ঠিক গেটের কাছাকাছি পৌঁছাতেই পানি পড়া বন্ধ হয়ে গেল। হাঁফ ছাড়ল সবাই। তখনো চারপাশে থাকা সাউন্ডবক্সে বাজছে, ‘আই লাইক টু মুভ ইট, মুভ ইট’।
অনেক ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে খেতে বসলাম মিসরের বিশেষ থিমে তৈরি ওয়াসিস স্পেস ক্যাফেতে। খাওয়ার একপর্যায়ে সেখানে হাজির দ্য মাম্মি সিনেমার অভিনয়শিল্পীদের পোশাক পরা দুজন! সবার সঙ্গে কুশল বিনিময় করে চলে গেলেন তাঁরা! আশপাশে খাওয়াদাওয়া করতে থাকা সবাই তখনো তাকিয়ে আছেন তাঁদের যাওয়ার পথে।
তখনো হাতে বেশ কিছু সময় রয়েছে। ভাবলাম, আর কি দেখা যায়? হলিউড এলাকায় ‘মনস্টার রকস’ নামে দারুণ এক লাইভ শো দেখলাম সে সময়। ফেরার সময় হয়ে আসছিল। তখন শেষের অংশ হিসেবে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা শ্রেক-এর অন্যতম চরিত্র ডানকির আরেকটি লাইভ শো দেখে এলাম। এবার ফেরার পালা। ফেরার পথে দ্রুত বসে পড়লাম নিউইয়র্কের রাস্তায়! শুরু হলো ছবি তোলার পালা। তবে এই নিউইয়র্ক তো সিঙ্গাপুরেই।