রোমানার অপেক্ষা

অপেক্ষায় আছেন রোমানা। অনেক দিন ধরেই নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি তিনি। রোমানা অভিনীত শেষ ছবি ছিল বদিউল আলম খোকনের ‘বুক ফাটে তো মুখ ফোটে না’। এতে রোমানা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটির পরে আর কোনো ছবিতে কাজ করা হয়নি রোমানার। ভালো মানের গল্পের ছবির অপেক্ষায় আছেন তিনি।
রোমানা বলেন, ‘ছবিতে অভিনয়ের দু-একটি প্রস্তাব যে পাইনি তা কিন্তু নয়, তবে ছবিগুলোকে অসাধারণ কিছু মনে হয়নি। যার কারণে আর কাজ করা হয়ে ওঠেনি। তাই খানিকটা বাধ্য হয়ে আবারও ছোটপর্দায় ফিরতে হয়েছে। এখন ছোটপর্দায় কিছু ভালো মানের নাটকে অভিনয় করছি।’
তিনি আরও বলেন, ‘আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী। আর তাই নামের সুবিচারটা রাখতে হবে। কখনোই স্রোতের সঙ্গে গা ভাসাতে চাইনি। দেখি আবার কখন ভালো সুযোগ আসে, সে অপেক্ষাতেই থাকলাম। তবে আশা করছি, দর্শকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না।’