রোমানার মনোযোগ ফিটনেসে

নিজের শরীরটাকে ফিট রাখার ব্যাপারে বেশ মনোযোগী হয়ে উঠেছেন অভিনেত্রী রোমানা। তাই এখন দিনের অনেকটা সময়ই কাটছে ব্যায়ামাগারে। এক মাসের মধ্যে নিজেকে পুরোপুরি ফিট করেই আবার অভিনয়ে যাত্রা শুরু করবেন তিনি। এই এক মাসে তাই কোনো কাজকর্মই হাতে নেননি রোমানা।
রোমানা বলেন, ‘১৯ বছর ধরে মিডিয়ায় কাজ করছি। কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে শরীরের দিকে খুব একটা নজর দেওয়া হয়নি। এখন মনে হচ্ছে বিষয়টি মোটেও ঠিক না। বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক ফিটনেসটাও ধরে রাখা উচিত।’
রোমানা আরও জানান, ‘বেশ কিছুদিন ধরে উপলব্ধি করছিলাম জিমে যাওয়া উচিত। তাই আর কিছু না ভেবে নাটকের শুটিং পুরোপুরি বন্ধ করে দিলাম। মনোযোগ দিলাম ব্যায়ামে। প্রাথমিকভাবে এক মাস টানা ব্যায়াম নিয়ে ব্যস্ত থাকব। এরপর ফেব্রুয়ারির শেষ দিকে সবাইকে নতুন একটা সংবাদ দিতে পারব। বলতে পারেন, নিজেকে নতুন করে সবার কাছে উপস্থাপনের জন্যই আমার এই প্রচেষ্টা। শুধু ব্যায়াম নয়, খাওয়া-দাওয়া নিয়েও এখন বেশ নিয়ম মানতে হচ্ছে।’
বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন রোমানা। কয়েকটি চলচ্চিত্রে রোমানার অভিনয় বেশ প্রশংসিতও হয়। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ রোমানা ২০১১ সালে ‘সেরা পার্শ্ব অভিনয়শিল্পীর’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।