রোমানার ‘আক্রোশ’-এ সজল
অভিনয়শিল্পী রোমানা ও সজল জুটি হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন। কিন্তু কেউ কারও প্রযোজিত নাটকে অভিনয় করেননি। এবারই প্রথম রোমানা প্রযোজিত নাটকে অভিনয় করলেন অভিনয়শিল্পী সজল। ঈদ উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। নাম ‘আক্রোশ’। নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার রহমান। রোমানা জানান, ‘দেশের বাইরে গিয়ে আমরা কয়েকজন অভিনয়শিল্পী মিলে নিজেরাই নাটক প্রযোজনা ও তাতে অভিনয় করেছি। ওই নাটকগুলোতে শুধু টাকা বিনিয়োগই ছিল মুখ্য, এর বেশি কিছু নয় না। কিন্তু এবারই প্রথম এককভাবে নাটক প্রযোজনা করেছি। বলা যায়, “আক্রোশ” নাটকটি দিয়ে পূর্ণাঙ্গ প্রযোজক হিসেবে নাম লেখালাম।’ সজল বলেন, ‘নাটক প্রযোজনার বিষয়টির সঙ্গে আমি আগে থেকেই জড়িত। এবার রোমানার সেই অভিজ্ঞতা হলো।’ ‘আক্রোশ’ নাটকের গল্প গড়ে উঠেছে এক দম্পতির শহুরে জীবনের টানাপোড়েন নিয়ে। নাটকের গল্প প্রসঙ্গে রোমানা জানান, স্বামী-স্ত্রীর মজার ও কষ্টের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে নাটকে। পুরো গল্প এখনই জানাতে চাইছি না।’