রোমান্স আপডেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং ও দিপিকা পাড়ুকন, উদয় চোপড়া ও নার্গিস ফাখরি, হারমান ও বিপাশা, বিরাট-আনুশকা, আদিত্য রায় কাপুর ও পরিণীতি চোপড়া
রণবীর সিং ও দিপিকা পাড়ুকন, উদয় চোপড়া ও নার্গিস ফাখরি, হারমান ও বিপাশা, বিরাট-আনুশকা, আদিত্য রায় কাপুর ও পরিণীতি চোপড়া

প্রেমেও জিরো বক্স অফিসেও জিরো। টিনসেলের চকলেট বয় ফাটা পোস্টার নিকলা হিরো শহীদ কাপুরের পিঠে এমন একটা তকমা লেগেই গিয়েছিল। তেরোর শেষে এসে সব অপবাদ ঘুচিয়ে দিয়েছে আর... রাজকুমার। ছবিও সুপারহিট, রাজকুমার পেয়েও গেছেন নতুন রাজকুমারী। নতুন এই রাজকুমারীর নাম সোনাক্ষী সিনহা। প্রভু দেবার পরিচালিত আর... রাজকুমার ছবিতে কাজ করার সূত্র ধরেই গড়ে ওঠে দুজনের বন্ধুত্ব। ঘনিষ্ঠতা আরও বেড়েছে ছবির প্রচারণার সময়। শহীদ-সোনাক্ষী নাকি এখন উপলব্ধি করেছেন তাঁদের এ সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়ার ইচ্ছা নেই এই জুটির।

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

এসব ঘোষণার তোয়াক্কা না করে পাপারাজ্জিরা বলতে গেলে সিসি ক্যামেরাই তাক করে রেখেছেন রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ জুটির ওপর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে গোপন অভিসার কিংবা আচমকা বিচ্ছেদের গুঞ্জন—এসব নিয়ে বলিউডের পেজ থ্রিতে সব সময় আলোচনার শীর্ষে রয়েছে এ তারকা জুটির প্রেম। কফি উইথ করন শোতে এসে কারিনা কাপুর ক্যাট-রণবীরের বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলার পর বিটাউন যখন ভাবতে শুরু করেছিল এবার হয়তো ধুম গার্লের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন কাপুরপুত্র, তখনই এসেছিল দুঃসংবাদ। হঠাৎই খবর পাওয়া গিয়েছিল, সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে রণবীর-ক্যাটরিনার। তবে এখন শোনা যাচ্ছে সে রকম কিছুই হয়নি, চুটিয়েই প্রেম করছেন দুজন। এ বছরেই কি তবে বাজবে বিয়ের সানাই? জানতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই দর্শকদের।
তবে বিয়ের সানাইটা যেকোনো মুহূর্তেই বাজাতে পারেন বলিউডের এক সময়ের সম্রাজ্ঞী রানী মুখার্জি ও যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া। তাঁদের চার হাত এক হওয়ার অপেক্ষা করতে করতে বলিউডবাসীই তো ক্লান্ত! এখন পর্যন্ত একাধিকবার তাঁদের বিয়ের খবর রটেছে। সর্বশেষ চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে খবর চাউর হয়েছিল। সময়ে সময়ে এমন উড়ো খবরে ভালোবাসার এই দুই কপোত-কপোতি বছরের পর বছর শিরোনামেই রইলেন।

সোনাক্ষী সিনহা ও শহীদ কাপুর
সোনাক্ষী সিনহা ও শহীদ কাপুর

বড় ভাই আদিত্য চোপড়ার দেখানো পথেই কি হাঁটছেন উদয় চোপড়াও? যেদিন থেকে উদয় চোপড়ার সঙ্গে মালদ্বীপের সমুদ্রসৈকতে দেখা গিয়েছিল নার্গিসকে, সেদিন থেকেই পাপারাজ্জিদের ক্যামেরার আরেক প্রিয় মুখ নার্গিস ফাখরি। উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের সম্পর্ক নিয়ে বহু দিন ধরেই নানা কথা উড়ে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। পরিবারের সদস্যদের সম্মতিতে এ জুটি বিয়ে করতে যাচ্ছেন বলেও খবর প্রকাশিত হয়েছিল। তবে নার্গিস খোলাসা করে জানিয়েছেন, উদয়ের সঙ্গে প্রেম নয়, বিয়েও নয়। আপাতত ব্যস্ত থাকতে চান ক্যারিয়ার নিয়েই। দীপিকা পাড়ূকোনও এমনই সযত্নে গোপন করেছেন রণবীর সিংয়ের সঙ্গে তাঁর প্রেম উপাখ্যান। গোঁলিও কা রাসলীলা রাম-লীলা ছবিতে অভিনয় করতে গিয়ে পরস্পরের কাছাকাছি আসে পোড় খাওয়া এই দুই প্রেমিক মন। যদিও নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়টি কখনোই মুখ ফুটে স্বীকার করেননি কেউই।
স্বীকার করুন আর নাই করুন, নিউজিল্যান্ডের পর এবার শ্রীলঙ্কায় অভিসারে মেতে আবারও মুখরোচক খবর প্রকাশের সুযোগ করে দিয়েছেন বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানের নতুন জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। তাঁদের ছবি প্রকাশিত হলেই রীতিমতো তোলপাড় পড়ে যায়। এবার যেন কোনো রকম শোরগোল না ওঠে, সে জন্য শ্রীলঙ্কায় বেশ সতর্কতার সঙ্গেই সময় কাটিয়েছেন বিরাট-আনুশকা। তার পরও থলের বিড়াল ঠিকই বেরিয়ে পড়েছে।
তবে আর নয় লুকোচুরি, বলিউড অভিনেত্রী বিপাশা বসু নিজের টুইটার অ্যাকাউন্টেই জানালেন তাঁর নতুন সম্পর্কের কথা। বলিউড অভিনেতা হারমান বেওয়েজার তাঁর নতুন প্রেমিক। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বিয়ে করবেন বিপাশা-হারমান। দুই পরিবারের মধ্যেও আলোচনা শুরু হয়ে গেছে।

আলিয়া-অর্জুন
আলিয়া-অর্জুন

আদিত্য-শ্রদ্ধা আশিকি টু জুটির প্রেমের কাহিনি অনেকটা ওপেন সিক্রেট। তবে ইদানীং শোনা যাচ্ছে আদিত্য রায় কাপুরের সঙ্গে নাকি ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে পরিণীতি চোপড়ার। হাবিব ফয়সালের দাওয়াত-এ-ইশক ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের এই আন্তরিকতার শুরু বলে জানা গেছে। ছবির আকর্ষণ বাড়াতে এই গুজব নাকি আবারও কোনো ‘স্রেফ’ বন্ধুত্ব নামক সম্পর্ক—সেটা সময় বলে দেবে। অন্যদিকে আলিয়া ভাট ও অর্জুন কাপুরের মধ্যে রোমান্স নিয়েও চলছে তুমুল কানাকানি। নতুন ছবি টু স্টেটস নিয়েই নতুন এই গুঞ্জনের মুখে এ তারকা জুটি। অর্জুন কাপুর টু আলিয়া এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। আপাতত টু স্টেটস-এ আলিয়া-অর্জুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় তাঁদের ভক্তকুল।
সাজিদুল হক
টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে