রোমিও-জুলিয়েট হলেন নিলয়-জেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টিভি নাটকে এ যুগের রোমিও-জুলিয়েট হয়েছেন নিলয় ও জেনি। এরই মধ্যে তাঁরা নাটকের শুটিংয়েও অংশ নিয়েছেন।নিলয় ও জেনিকে রোমিও-জুলিয়েটের চরিত্রে দেখা যাবে এনটিভির জন্য নির্মিত ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকে। জাকারিয়া শৌখিনের রচনায় ‘নীল রঙের গল্প’ নাটকটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ। কৌশিক জানান, ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকে শুধু রোমিও-জুলিয়েট নয়, থাকবে আরও দুটি অমর প্রেমকাহিনির চারটি চরিত্র। সেগুলো হলো শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি ‘দেবদাস-পার্বতী’ ও পারস্যের কবি নিজামি গানজাভির ‘লাইলি-মজনু’। তিনি জানান, চরিত্রগুলো বর্তমান প্রেক্ষাপটে আধুনিক ঢঙে একটি গল্পে এসে একত্র হয়েছে। এ নাটকের দেবদাস-মজনু-রোমিও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর তিনজনের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। তাদের জীবনে প্রেম আসে। ধীরে ধীরে পূর্ণতা পায় দেবদাস-পার্বতী, লাইলি-মজনু ও রোমিও-জুলিয়েটের প্রেম।’ কৌশিক শংকর দাশ বলেন, ‘এটাই আমার প্রথম ধারাবাহিক নাটক। আর প্রথম ধারাবাহিকটি নির্মাণের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। কারণ, আমি নতুন ধরনের ভাবনা খুঁজছিলাম। এই ভাবনাটি একেবারেই নতুন। দর্শককেও নতুন কিছু দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন দর্শকের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।’বর্তমানে ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকের শুটিং চলছে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন রোমিও-জুলিয়েট চরিত্রের অভিনয়শিল্পী নিলয়-জেনি। শিগগিরই বাকি দুই জুটি শুটিংয়ে অংশ নেবেন। রোমিও চরিত্রে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘অভিনয়শিল্পীদের জীবনে কিছু স্বপ্নের চরিত্র থাকে। রোমিও তেমন একটি চরিত্র। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।’জুলিয়েট চরিত্রের অভিনেত্রী জেনি বলেন, ‘নাটকের ভাবনাটা অসাধারণ। একেবারে আধুনিকভাবে নাটকটি নির্মিত হচ্ছে। আমি এ নাটকের একটি অংশ। আমার ধারণা, নাটকটি দর্শকের পছন্দের তালিকায় থাকবে।’