রোল্যান্ড ল্যাম্বের 'সিবোর্ড' কিবোর্ড

কিবোর্ড, কিন্তু তাতে ‘কি’-ই নেই! অন্তত প্রচলিত কিবোর্ড বা পিয়ানোর চাবিগুলোর মতো তো নয়ই। এমনই এক নতুন ধরনের বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের রোল্যান্ড ল্যাম্ব। তিনি নতুন এই কিবোর্ডের নাম দিয়েছেন ‘সিবোর্ড’।
সিবোর্ডের আকৃতি প্রচলিত কিবোর্ডের মতোই। কিন্তু প্রচলিত সাদা-কালো ‘কি’ এতে নেই। বরং এর কিগুলো বানানো হয়েছে নমনীয় ও নরম বস্তু দিয়ে, যেটি রাবারের খোলসের নিচে থাকে। কিবোর্ড সম্পর্কে প্রচলিত ধারণাকে বদলে দিয়ে সিবোর্ডকে তৈরি করা হয়েছে স্পর্শকাতর হিসেবে, আঙুলের নড়াচড়া বা চাপের ভিন্নতার ওপর নির্ভর করে যেটি শব্দের মৌলিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে।
সিবোর্ড কিবোর্ড সংগীত জগতে এনে দেবে একধরনের ‘বৈপ্লবিক’ পরিবর্তন।—গত বছর মার্চ মাসে এমনই মন্তব্য করে বিবিসি।
মাউস বা জয়স্টিকের বদলে স্পর্শ-প্রযুক্তির কিবোর্ডের যে চাহিদা দেখা দিয়েছে, তারই ভালো বিকল্পও হতে পারে এই সিবোর্ড।
এই সিবোর্ডটি বানাচ্ছে ‘রলি’ নামের লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন রোল্যান্ড ল্যাম্ব। ল্যাম্ব বাংলাদেশি বংশোদ্ভূত ঔপন্যাসিক তাহমিমা আনামের স্বামী।
রোল্যান্ড ল্যাম্ব এসেছেন বাংলাদেশে। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এভিনিউর রেডিয়াস সেন্টারের বে’স গ্যালারিতে ল্যাম্ব তাঁর ‘সিবোর্ড’ কিবোর্ড বাজিয়ে শোনান আমন্ত্রিত অতিথিদের। তাঁর সঙ্গে গান গেয়েছেন অর্ণব ও গৌরব। অনুষ্ঠানটি মুগ্ধ করে সবাইকে।