রোশান আটক!

গুপ্তচরবৃত্তি করে ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন সাংবাদিক রোশান। এরপর সোজা লক আপে। দুর্নীতিবাজ মেয়রের আস্তানায় গিয়ে গোপনে ভিডিও ধারণ করছিলেন তিনি। মেয়রের লোকজন দেখে ফেলায়, পালিয়ে যান রোশান। তাতে শেষ রক্ষা হয়নি। এটি ‘রক্ত’ ছবির গল্পের একাংশ।
এফডিসির একটি লোকেশনে বানানো হয়েছে থানার সেট। সেখানে চলছে ‘রক্ত’ ছবির শুটিং। মঙ্গলবার দুপুরে এফডিসির এক নম্বর ফ্লোরে গিয়ে দেখা যায় এ দৃশ্য।
থানার লক আপে দাঁড়িয়েই রোশান বললেন, ‘মেয়র খারাপ মানুষ। তাঁর কিছু অপকর্ম গোপনে ভিডিওতে ধারণ করি। এ কারণেই পুলিশ দিয়ে আমাকে ধরে আনা হয়।’
ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আজ সকাল থেকেই থানার দৃশ্যের শুটিং শুরু হয়েছে, চলবে কালও। ছবির কাজ একেবারে শেষের দিকে। ঈদে মুক্তির প্রস্তুতি চলছে ‘রক্ত’ ছবিটির।
‘রক্ত’ ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন পরীমনি। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।