রোহিত শেঠিকে সঞ্জয়ের চিঠি

পুনের ইয়েরাওয়াড়া কারাগারে দুই মাস ধরে জেল খাটছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি জেলখানা থেকে হালের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠিকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন ‘খলনায়ক’ তারকা সঞ্জয়।
সঞ্জয় দত্ত প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের ব্যানারে পরবর্তী ছবি পরিচালনার জন্য রাজি হওয়ায় রোহিতকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন সঞ্জয়। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’। ‘গোলমাল’, ‘অল দ্য বেস্ট’, ‘বোল বচ্চন’-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরই মধ্যে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক নেওয়া নির্মাতাদের কাতারে নিজেকে শামিল করেছেন রোহিত। সঞ্জয় জেলে যাওয়ার পর সঞ্জয় দত্ত প্রোডাকশনসের দায়িত্ব নিয়েছেন তাঁর স্ত্রী মান্যতা দত্ত। প্রতিষ্ঠানটির পরবর্তী ছবিগুলোতে নামীদামি নির্মাতাদের নিয়ে কাজ করতে চাইছেন মান্যতা। তারই অংশ হিসেবে রোহিত শেঠিকে ছবি পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন মান্যতা।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অল দ্য বেস্ট’ ছবিতে রোহিতের পরিচালনায় অভিনয় করেছিলেন সঞ্জয়। ছবিটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে এই নির্মাতা-তারকার মধ্যে দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি মান্যতার কাছ থেকে প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান রোহিত। পরে বিষয়টি সঞ্জয়কে জানান মান্যতা। তখন রোহিতকে ধন্যবাদ জানিয়ে আবেগপূর্ণ একটি চিঠি পাঠান সঞ্জয়। দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোর জন্য দীর্ঘ চিঠিটির মাধ্যমে রোহিতকে আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেন সঞ্জয় দত্ত।