রয়েল অ্যালবার্টে বাংলাদেশের শিশুরা
লন্ডনের বিখ্যাত রয়েল অ্যালবার্ট হলের নাটকে অংশ নিল বাংলাদেশের শিশু থিয়েটার দল পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশন। প্রায় এক হাজার ২০০ শিশুনাট্যকর্মীর অংশগ্রহণে নাটকে অভিনয় করল বাংলাদেশের চারজন শিশুনাট্যকর্মী। নাটকটির নাম ভয়েসেস ফর এ বেটার ওয়ার্ল্ড। নাটকে লন্ডনের এক হাজার শিশুনাট্যকর্মীর সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি দেশের ২০০ শিশুনাট্যকর্মী অংশ নেয়। বাংলাদেশের চারজন শিশুনাট্যকর্মী হলো ঐত্রি, অঙ্কন, প্রিয়া ও শোভন। গত ২৬ সেপ্টেম্বর রয়েল অ্যালবার্ট হলে নাটকটি মঞ্চস্থ হয়। পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশনের এই চার শিশুনাট্যকর্মীর দলের প্রধান হিসেবে সফরের নেতৃত্বে ছিলেন ইয়াসমিন আলী। তিনি বলেন, ‘এর আগে আমরা পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশনের ব্যানারে পৃথিবীর একাধিক দেশে ৫২ বার সফর করেছি। এটি ছিল ৫৩তম সফর। প্রতিবারই বাংলাদেশ থেকে নাটক প্রস্তুত করে নিয়ে গিয়ে বাইরের দেশে মঞ্চস্থ করি। কিন্তু এবার ছিল ভিন্ন আয়োজন। বিখ্যাত রয়েল অ্যালবার্ট মিলনায়তনে বাংলাদেশের শিশুরা নাটক করার সুযোগ পেয়েছে। একই নাটকে এক হাজার ২০০ শিশুর অংশগ্রহণ ছিল। সেখানে আমাদের চারজন শিশু, যুক্তরাজ্যের এক হাজার শিশুসহ আরও ৩৩টি দেশের ২০০ শিশুর সঙ্গে সমানতালে অভিনয় করেছে। কোনো রকম জড়তা কিংবা ভয়ভীতি ছিল না। আমার কাছে মনে হয়েছে, আমাদের শিশুদের কাছে এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।’ তিনি আরও জানান, এতগুলো শিশুকে সমন্বয় করে মঞ্চে তোলার আগে প্রায় আট দিন টানা মহড়া করতে হয়েছে। সকালে নাটকটির ওপর কর্মশালা আর বিকেলে তা মহড়ায় রূপ দেওয়া হতো। এর আগে যুক্তরাজ্যের ‘থিয়েটার ট্রেন আর্ট বাই চিলড্রেন’-এর আমন্ত্রণে ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশনের এ দলটি লন্ডন শহরের ইম্পিরিয়াল কলেজ মিলনায়তনে শিশুরা বড়দের চাইতে জ্ঞানী হতে পারে নাটকটির দুটি প্রদর্শনী করে। লিও তলস্তয়ের মূল নাটক থেকে রূপান্তর করেছেন লিয়াকত আলী লাকী আর নির্দেশনা দিয়েছেন ইয়াসমিন আলী।