
শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চার পীঠস্থান রয়্যাল অ্যালবার্ট হলে বসেছিল শাস্ত্রীয় ও বাংলা গানের এক অনুপম আসর। গত ২২ মে যুক্তরাজ্যের লন্ডনের সাউথ কেনসিংটন এলাকায় অবস্থিত এই মিলনায়তনে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান প্রথম আয়োজন করেছিল সংগীতসন্ধ্যা। আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনস বাংলাদেশ।

পণ্ডিত রবিশঙ্করকে শ্রদ্ধা জানাতে ‘এ ক্ল্যাসিক্যাল ওডিসি-এ ট্রিবিউট টু মায়েস্ত্রো রবিশঙ্কর’ শীর্ষক আয়োজনে গান করেন বাংলাদেশের দুই শিল্পী লুভা নাহিদ চৌধুরী ও অদিতি মহসীন। ভারতীয় শিল্পীদের মধ্যে ছিলেন বাঁশি নিয়ে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, সন্তুর নিয়ে শিবকুমার শর্মা এবং বেহালা হাতে ড. এল সুব্রামনিয়াম। রবিশঙ্করের সুযোগ্য কন্যা আনুশকা শঙ্করও সেতার পরিবেশন করেন।
মিলনায়তন-ভর্তি দর্শকের উপস্থিতিতে এ আসর ভাঙে রাত ১১টায়।
পণ্ডিত রবিশঙ্কর রয়্যাল অ্যালবার্ট হলে ১৭ বার পরিবেশনায় অংশ নিয়েছেন। সর্বশেষ ২০০৫ সালে রবিশঙ্কর রয়্যাল অ্যালবার্ট হলে বাজান।
অনুষ্ঠানে স্মারক হিসেবে বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেন বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি আবুল খায়ের, প্রতিষ্ঠানটির পরামর্শক এ কে আবুল মোমেন এবং কনসার্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম। একটি স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয় পণ্ডিত রবিশঙ্করের স্ত্রী সুকন্যা শঙ্করের হাতে।

