রয়্যালটির দাবিতে ফিডব্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিডব্যাকের দশম অ্যালবাম ফিডব্যাক ০২। এটি এসেছিল ২০০২ সালে। এরপর তাদের একাদশ অ্যালবামের কাজ শেষ হয়েছে গত বছর। কিন্তু এখনো তা বাজারে আসেনি। কবে আসবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি ব্যান্ডের সদস্য ফুয়াদ নাসের। তিনি বলেন, ‘অ্যালবাম কবে বের হবে, তা আমরাও জানি না। তবে যত দ্রুত সম্ভব, অ্যালবামটি বাজারে আনার চেষ্টা করছি।’অ্যালবাম প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বললেন, ‘ফিডব্যাক এবার কপিরাইট এবং রয়্যালটির বিষয়কে সামনে নিয়ে এসেছে। এত দিন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শিল্পী কিংবা ব্যান্ডকে অ্যালবাম বাবদ এককালীন কিছু একটা টাকা দিত। এরপর আর তাঁদের কাছ থেকে কিছুই পাওয়া যেত না। আমরা চেষ্টা করছি, শিল্পী এবং ব্যান্ডগুলো যেন তাদের প্রাপ্য রয়্যালটি পায়। এ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফিডব্যাক তাদের নতুন অ্যালবাম প্রকাশ করবে না।’ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে রয়্যালটি আদায়ের ব্যাপারে ব্যান্ডের সংগঠন বামবার সহযোগিতা নিচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক বের না করলেও অন্য শিল্পী এবং ব্যান্ডের অ্যালবাম ঠিকই বাজারে আসছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘কে, কীভাবে চুক্তি করছে, তা কিন্তু আমরা জানি না। তবে আমরা রয়্যালটি ও কপিরাইটের ব্যাপারে সরকারের একটি নির্দেশনার জন্য অপেক্ষা করছি। আশা করছি, মাসখানেকের মধ্যে সেটা হয়ে যাবে। তখনই ফিডব্যাকের পরবর্তী অ্যালবাম বাজারে আসবে।’ফিডব্যাকের বর্তমান সদস্যরা হলেন পিয়ারু খান (পারকাশন/ভোকাল), লাবু রহমান (গিটার/ভোকাল), ফুয়াদ নাসের (কিবোর্ড), টন্টি (ড্রামস) ও নুমিন (ভোকাল)।