র‌্যাচেল ক্রেগের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুত্ব তাঁদের মধ্যে অনেক দিনের। ক্যালেন্ডারের আঁক কষলে সাত বছরের দোস্তি। একে অন্যের ভালো বন্ধু হওয়া মানে পরস্পরের আবেগের তরঙ্গটাও ঠিকমতো বুঝতে পারা। সেই বুঝতে পারাটাই আরও এক ধাপ এগিয়ে নিলেন তাঁরা। বিয়ের স্বর্গীয় বন্ধনে বাঁধা পড়লেন র‌্যাচেল ভাইৎস আর ড্যানিয়েল ক্রেগ।ড্রিমহাউস। স্বপ্নের ঘর। ঘর মানেই সংসার। কদিন পরে মুক্তি পেতে যাওয়া ড্রিমহাউস-এর শুটিং করতে গিয়েই দুজনে টের পেলেন, শুধু ছবির স্বামী-স্ত্রী চরিত্র দুটির মতো নয়, সংসার তাঁরা শুরু করতে পারেন বাস্তব জীবনেও। ‘লাইফ বিগিনস আফটার ফরটি’—চল্লিশের পরই নাকি জীবনের আসল শুরু। সেটা প্রমাণ করতেই যেন ৪৩ বছর বয়সী ক্রেগ আর ৪১ বছর বয়সী র‌্যাচেল শুরু করলেন জীবনের নতুন অধ্যায়।বিয়েটা হয়েছে অনেকটা জেমস বন্ডীয় কায়দায়। কড়া গোপনীয়তার মধ্যে। শুধু বিয়ে কেন, দুজনের প্রেম নিয়ে কিন্তু বেশি জল্পনা-কল্পনার পাখনা মেলতেই দেননি তাঁঁরা। গত বছরই গুঞ্জন রটে, প্রেম করছেন র‌্যাচেল-ক্রেগ। গত ক্রিসমাসে সমারসেটে দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় আবিষ্কার করেছিল সংবাদমাধ্যম। দুজনকে সর্বশেষ দেখা গিয়েছিল গত মার্চে। লন্ডনে এক অভিজাত বিপণিবিতানে ধুমিয়ে কেনাকাটা করছিলেন।কিন্তু ওই পর্যন্তই। তাঁরা যে বিয়ে করতে চলছেন, ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। পাপারাজ্জিদের এই জমানায়, যখন তারকাদের একটা হাঁচিও বিরাট খবর হয়ে আসে, সেই সময় তাঁরা সেভাবে বুঝতেই দেননি, ভেতরে ভেতরে কেমন চলছে মনের লেনাদেনা।অবশেষে ২২ জুন হঠাৎ করেই বিনোদনজগতে উড়তে শুরু করল খবরের রেণু। র‌্যাচেল আর ক্রেগ নিউইয়র্কে এক গোপন সাদামাটা অনুষ্ঠানে বিয়ে করেছেন। খবরটার সত্যতা মিলল ক্রেগের মুখপাত্র সংস্থা স্লেট পিআরের রবিন বনের টেলিগ্রাফিক বিবৃতিতে, ‘হ্যাঁ, তাঁরা বিয়ে করেছেন।’ কিন্তু শুধু এক লাইনের এই খবরে কি আর পেট ভরে! চলল খবরের কুয়ো খুঁড়োখুঁড়ি। গোপন খবর ফাঁস করায় ওস্তাদ ইংলিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বস্ত এক সূত্রকে উদ্ধৃত করল, ‘ড্যানিয়েল আর র‌্যাচেল দুজনই বেশ করে চাইছিল বিয়ের আয়োজনটা যত কম থাকে ততই ভালো। তারা পাগলের মতো একে অন্যকে ভালোবাসে। স্বামী-স্ত্রীর আনুষ্ঠানিক পরিচয়টা পেতে তর সইছিল না। কিন্তু একই সঙ্গে এও চাইছিল না, এ নিয়ে বেশি মাতামাতি হোক।’আর সেটা এড়াতেই সবচেয়ে ভালো উপায় বেছে নেওয়া হয়েছিল। বিয়েতে সব মিলে অতিথি ছিল মাত্র ছয়জন। চারজন বন্ধু, আর ছিল র‌্যাচেলের ছেলে হেনরি ও ক্রেগের মেয়ে এলা।১৯৯২ সালে স্কটিশ অভিনেত্রী ফিওনা লাউডনকে বিয়ে করেন ক্রেগ। এই দম্পতিরই মেয়ে এলা, যার বয়স এখন ১৮। অবশ্য বিয়েটা দুই বছরের বেশি টেকেনি। ১৯৯৪ সালেই বিবাহবিচ্ছেদ। এরপর জার্মান অভিনেত্রী হেইকে মাকাৎশের সঙ্গে সাত বছর প্রেম করেন ক্রেগ। বিয়ে নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণেই কি না, ছাদনাতলায় যেতে রাজি হননি এই দুজনের কেউই। ২০০১ সালে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আর কোনো অভিনেত্রী নয়, ক্রেগ গাঁটছড়া বাঁধেন প্রযোজক সাৎসুকি মিশেলের সঙ্গে। ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত ভালোই চলছিল মন দেওয়া-নেওয়া। কিন্তু এরই মধ্যে জেমস বন্ডের জীবনের আকাশে র‌্যাচেল ভাইৎস নামের প্রেমসূর্যের উদয়।হাঙ্গেরীয় বাবা আর অস্ট্রীয় মায়ের ঘরে ১৯৭০ সালে জন্ম নেওয়া র‌্যাচেলের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চে। মঞ্চের প্রতি এই ভালোবাসা এখনো অটুট তাঁর। এই মঞ্চেই এসেছিল জীবনের প্রথম প্রেমও। ২০০১ সালে লন্ডনের আলমেইডা থিয়েটারের ব্যাকস্টেজে র‌্যাচেলের সঙ্গে পরিচয় হয় মার্কিন নির্মাতা-প্রযোজক ড্যারেন আরোনফস্কির। শেপ অব থিংস নামের একটি নাটকে অভিনয় করছিলেন র‌্যাচেল। ‘প্রথম দর্শনেই প্রেম’ বলে যাকে। এতটাই প্রগাঢ় ছিল তাঁদের ভালোবাসা, ২০০২ সালেই নিজের ভালোবাসার মঞ্চ, লন্ডনভিত্তিক জীবনযাপন—সব ছেড়েছুড়ে আরোনফস্কির সঙ্গে নিউইয়র্কে চলে আসেন র‌্যাচেল।২০০৫ সালে দুজনে আংটিও বদল করে ফেলেন। পরের বছর জন্ম নেয় তাঁদের ছেলে হেনরি। নিউইর্য়ক থেকে ঠিকানা পাল্টে তাঁরা চলে আসেন ম্যানহাটনে। কিন্তু সম্পর্কটা শেষ পর্যন্ত আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। গত নভেম্বরে আলাদা থাকতে শুরু করেন। কিন্তু সন্তানের ভবিষ্যতের স্বার্থে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নাকি আছে।‘দ্য নেম ইজ বন্ড, জেমস বন্ড’ অবশ্য এখন বলতেই পারেন, ‘আমি তো আছি। এলা আর হেনরির দেখভাল করার জন্য আমরা দুজনই যথেষ্ট।’ অবশ্য নিন্দুকেরা এও বলছেন, মধুর এই সম্পর্ক কত দিন টেকে সেটাই দেখার। নিন্দুকদের মুখে ছাই! এমন অলক্ষুনে কথা এই শুভলগ্নে মুখে আনতে নেই!  রাজীব হাসানতথ্যসূত্র: ইন্টারনেট