
দেয়ালে পিঠ ঠেকে গেছে? পরাজয়ের হতাশা কিংবা ভীষণ ক্লান্তি ঘিরে ধরেছে আপনাকে? ভাবছেন, বেঁচে থাকার আর বুঝি কোনো মানে নেই? র্যাচেল প্ল্যাটেনের ‘ফাইট সং’ তবে আপনার জন্যই। একবার শুনেই দেখুন, হয়তো নিজের ভেতর একটা অবাক করা শক্তি খুঁজে পাবেন!
অবাক হয়েছেন স্বয়ং র্যাচেলও। যুক্তরাষ্ট্রের এই গীতিকার-গায়িকার বয়স ৩৪। ২০০৩ সালে প্রকাশ পেয়েছিল তাঁর অ্যালবাম ট্রাস্ট ইন মি। নিজের ওপর বিশ্বাস রেখেই অনেক যত্ন নিয়ে গেয়েছিলেন প্রথম অ্যালবামের গানগুলো। তবু স্পটলাইট তাঁকে খুঁজে পায়নি। ২০১১ সালে বাজারে আসা দ্বিতীয় অ্যালবাম বি হেয়ারও যখন খুব ভালো ফল পেল না, দ্বিধায় পড়ে গিয়েছিলেন র্যাচেল। গায়িকা হিসেবে খ্যাতি কি তাঁর পাওয়া হবে না? হাজারও দর্শক গলা মেলাবে না তাঁর গানের সঙ্গে? আজ অবধি যুক্তরাষ্ট্রে বয়স ত্রিশ পেরোনোর পর পপ গায়িকা হিসেবে রাতারাতি খ্যাতি পাননি কেউ। সাত-পাঁচ ভেবে হতাশা পেয়ে বসেছিল তাঁকে। তারপর? শুনুন র্যাচেলের মুখে।
‘নিজের ভেতরে একটা ঘুরে দাঁড়ানোর প্রত্যয় থেকেই লিখেছিলাম “ফাইট সং”। তখনো ভাবিনি, আমার নিজেকে সাহস দেওয়ার জন্য তৈরি এই গান শ্রোতাদেরও এভাবে অনুপ্রাণিত করবে।’
র্যাচেল প্ল্যাটেনের গাওয়া ‘ফাইট সং’ এখন বহু হতাশাগ্রস্ত মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। গানটি শুনে যুক্তরাষ্ট্রের একজন ক্যানসার রোগী তাঁর পরিবারকে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘আমি জানি আমার হাতে আর মাত্র তিন মাস সময় আছে। তাই বলে ধুঁকে ধুঁকে বাঁচতে চাই না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেই বাঁচব। “ফাইট সং” আমার অনুপ্রেরণা।’
চারদিক থেকে পাওয়া এই অভাবনীয় সাড়া দেখে বোকা বনে গেছেন ‘ফাইট সং’ গানের গায়িকা। বিলবোর্ড টপচার্টে তরতর করে গানটি উঠে এসেছে আট নম্বরে। কিছুদিন আগেই টেইলর সুইফট দলে টেনেছেন র্যাচেলকে। টেইলরের কনসার্টে গানও গেয়েছেন তিনি। যে গায়িকা কদিন আগেও ছোট্ট পরিসরের রেস্তোরাঁয় আধো আলোতে গান গাইতেন, উজ্জ্বল ঝলসানো আলোক বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে তিনিই গেয়েছেন পঞ্চাশ হাজার দর্শকের সামনে! র্যাচেল বলেন, ‘যদিও এত বিপুল দর্শক আমার গান শুনতে ভিড় করেনি, তবু মনে হচ্ছিল, এই মুহূর্তটা আমার জন্যই। আর এই সময়টার জন্যই আমি বহুদিন ধরে স্বপ্ন দেখেছি।’
স্বপ্নপূরণের বারুদ তাঁর ভেতর ঠিকই ছিল। স্রেফ একটা গান বদলে দিয়েছে তাঁর ভাগ্য। তাই হয়তো নিজের লেখা গানটিতে র্যাচেল প্ল্যাটেন গেয়েছেন, ‘একটি বিস্ফোরণের জন্য একটা ম্যাচের কাঠিই যথেষ্ট’!
মো. সাইফুল্লাহ
পিপল ম্যাগাজিন অবলম্বনে