র্যাবের অভিযানে ১৮টি ছবি জব্দ, গ্রেপ্তার দুজন
অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় বড় ধরনের অভিযান চালিয়েছে র্যাব। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে অবস্থিত বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৮টি অশ্লীল ছবির প্রিন্ট, একাধিক ছবির রিল ও এক হাজার ২২১টি অশ্লীল দৃশ্যের পোস্টার জব্দ করা হয়। এ সময় প্রযোজক-পরিচালক কালাম কায়সার ও অফিস সহকারী রনিকে গ্রেপ্তার করা হয়। চলচ্চিত্রের অশ্লীলতা দমনে গঠিত টাস্কফোর্সের আহ্বায়ক মেজর মাসুম আহমেদ জানান, র্যাব-২-এর অপারেশন কমান্ডার এরশাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।গতকাল বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন র্যাব-২-এর কর্মকর্তারা। এখানে জানানো হয়, অশ্লীল ছবি ও পোস্টার বাজারজাতকরণের অভিযোগে ১৫ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অশ্লীলতাবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও পরিচালক সমিতির নেতারা।এদিকে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতা শামসুল আলম বলেন, ‘অশ্লীল ছবি প্রদর্শন না করার জন্য বিভিন্ন সময় প্রযোজক ও বুকিং এজেন্টদের সতর্ক করা হয়েছে। যাঁরা সতর্কতা মানেননি, তাঁদের এখন বিচারের সম্মুখীন হতে হবে।’