র্যাম্প থেকে অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিথিলা। ছবি: সুমন ইউসুফ
মিথিলা। ছবি: সুমন ইউসুফ

তানজিয়া জামান মডেল। সবার কাছে তিনি পরিচিত মিথিলা নামে। কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্যের মডেল হয়েছেন। পাশাপাশি বিভিন্ন ফ্যাশন শোর র‌্যাম্পেও অংশ নিচ্ছেন। এ পর্যন্ত র‌্যাম্পে হেঁটেছেন ৮০ বার। র‌্যাম্প থেকে মিথিলা এসেছেন টিভির পর্দায়। অভিনয় করছেন তিনি।
১৫ আগস্ট সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে, রাজধানীর একটি রেস্তোরাঁয়। শুরুতেই বললেন, ‘এ পর্যন্ত যে নাটকগুলোতে কাজ করেছি, তা দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমি তো র‌্যাম্পে কাজ করেছি, নাটকে অভিনয় আমার জন্য অন্য রকম অভিজ্ঞতা। কয়েকটি নাটক প্রচার হওয়ার পর এখন অনেক নির্মাতাই তাঁদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাচ্ছেন।’
গত ঈদে দুটি নাটকে অভিনয় করেছেন মিথিলা। কিন্তু আগামী ঈদের জন্য এরই মধ্যে ছয়টি নাটক চূড়ান্ত হয়েছে। দুটি নাটকের শুটিং শেষ। নাটক দুটি হলো সাখাওয়াত মানিকের ভুত অদ্ভুত আর তানিম রহমান অংশুর কোপা সামছু। চারটির পাণ্ডুলিপি পড়ছেন। শিগগিরই ওগুলোর শুটিং শুরু হবে।
নাটকে অভিনয়ের সুযোগ পেলেন কীভাবে? মিথিলা বললেন, ‘একটি অনুষ্ঠানে প্রযোজক শাহরিয়ার শাকিল আর পরিচালক তানিম রহমান অংশুর সঙ্গে পরিচয় হয়। দুজনই আমাকে তাঁদের নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। গোড়াতে একটু ভয় হচ্ছিল। তাই রাজি হইনি। পরে তাঁদের অনুরোধে নাটকে কাজ করেছি।’
মিথিলা জানান, গত মে মাসে তানিম রহমান অংশুর ফ্রাইডে নাইট ধারাবাহিকের ‘গেইম’ পর্বে প্রথম অভিনয় করেন তিনি। গল্পে তিনি ছিলেন একজন মানসিক রোগী। বললেন, ‘পরীক্ষামূলকভাবে কাজটি করেছিলাম। কিন্তু নাটকটি প্রচার হওয়ার পর অনেক প্রশংসা পেয়েছি।’
এরপর অংশুর আরও দুটি নাটক ফ্যামিলি এনিমি ও এয়ার বেন্ডার এবং তৌকীর আহমেদের মেঘমালা নাটকে অভিনয় করেন মিথিলা। এই দুটি নাটক প্রচার হয়েছে গত ঈদে। এখন অভিনয় নিয়ে নিজের ভাবনার কথা মিথিলা বললেন এভাবে, ‘শুরুতে মনে হয়েছিল র‌্যাম্প আর মডেলিং নিয়েই থাকব। কিন্ত এখন অভিনয়টা উপভোগ করছি।’
নাটকে অভিনয় নতুন হলেও মিথিলা কিন্তু ডজন খানেক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। কাজ করছেন বছর দুয়েক হলো। র‌্যাম্পে হাঁটা আর বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া প্রায় কাছাকাছি সময়ে। ২০১৩ সালের শেষ দিকে ঢাকা ফ্যাশন উইকে প্রথম র‌্যাম্পে হাঁটার সুযোগ পান। আর থামতে হয়নি তাঁকে।
জানালেন, কাল ২১ আগস্ট আবারও র‌্যাম্পে হাঁটবেন। ইউনিলিভার আয়োজিত এই অনুষ্ঠানে থাকবেন বলিউড তারকা দিয়া মির্জা।
নাটকে অভিনয়, বিজ্ঞাপনচিত্রে মডেল ও র‌্যাম্পে হাঁটাহাঁটির বাইরে আরও একটি খবর আছে মিথিলার। শিগগিরই তিনি বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন। বললেন, ‘একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। শিগগিরই নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।’
মিথিলা মাগুরার মেয়ে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে ‘মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম’ বিষয়ে।