র‌্যাম্প থেকে সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু খ্যাপাটে ছেলে শরৎ। ভাব-ভালোবাসা করে বিয়ে হয়। কিন্তু হিন্দু হওয়ায় ১৯৭১ সালে প্রাণ দিতে হলো তাকে। শরৎ মরে যাচ্ছে তার বাবার কোলে। কানে আসছে মানুষের আহাজারি, আর্তচিৎকার। এটি পিতা চলচ্চিত্রে শরতের গল্প। কিন্তু শেষ দৃশ্যটি করার সময় বাস্তবের কল্যাণ যেন শরৎই হয়ে গিয়েছিলেন। নিজেকে আলাদা করতে পারছিলেন না চরিত্র থেকে। হয়তো সে কারণেই দর্শকেরা গ্রহণ করেছে তাঁকে। মাসুদ আখন্দ পরিচালিত পিতা অভিনয়শিল্পী কল্যাণের প্রথম চলচ্চিত্র। অভিষেকেই বাজিমাত। কল্যাণ বলেন, ‘খুব অবাক হয়েছি। ২০১২ সালের ২৮ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম ছবি দিয়েই মেরিল-প্রথম আলো পুরস্কারের শেষ পর্বের মনোনয়ন পেয়েছি। এটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য।’ প্রথম আলো কার্যালয়ে কল্যাণের মুখোমুখি হতেই শোনা যায় তাঁর জীবনের নতুন দিকের গল্প। র‌্যাম্প দিয়ে তাঁর যাত্রা শুরু। পরে ছোট পর্দায় কাজ করেন। এরপর চলচ্চিত্র। হঠাৎ সিনেমার ভূত মাথায় চাপল কেন? প্রশ্নের উত্তরটা দিলেন তিনি এভাবে, ‘মনে হয়েছে, ছোট পর্দায় তো নিজেকে প্রমাণ করেছি। এবার বড় পর্দার পালা। সুযোগ এল। ভেবেচিন্তে লুফে নিলাম।’ প্রতিটি মানুষের জীবনের একটা টার্নিং পয়েন্ট থাকে। পিতা তেমনি কল্যাণের। তাঁর সঙ্গে পরিচালকের এই ছবি নিয়ে কথা শুরু হয় ২০১১ সালের দিকে। মাসুদ আখন্দই যোগাযোগ করেন কল্যাণের সঙ্গে। পরে যুক্ত হয় ইমপ্রেস টেলিফিল্ম। শুরু হলো চলচ্চিত্রের কাজ। সহশিল্পী হিসেবে পেলেন শায়নাকে। দুজনের কাজের রসায়ন ভালো হলো। ফলে কাজটা করতে তেমন বেগ পেতে হয়নি কল্যাণকে। তবে মাঝে একটু হলেও হতাশ হয়েছিলেন। কেননা, কাজ শুরু হয়ে দীর্ঘ আট মাস কাজ বন্ধ ছিল। পরে আবার শুটিং করা হয়। আবার চরিত্রের মধ্যে ডুবে যেতে কষ্ট হয়নি? ‘একটু তো হয়েছেই। বিশেষ করে চেহারার একটা পরিবর্তন হয়েছিল। চুলটা বেশ বড় হয়ে গিয়েছে।’ নিজের মাথার চারটা বেণির স্ট্রিং দেখিয়ে বললেন, এগুলো তো ক্লিপ দিয়ে আটকে দিতে হয়েছিল। তাই তো চুলের এই ঢঙে একটা অভিনবত্ব আছে। কী প্রশ্ন করতে যাচ্ছি বুঝতে পেরে কল্যাণ বলেন, ‘আমি হূত্বিক রোশনের অনেক বড় ভক্ত। ধুম টু-তে তাঁর চুলের স্টাইল ভালো লেগে যায়। সেটা করার চেষ্টা করেছি। একটু বড় হওয়ায় এই চারটি বেণির স্ট্রিং।’ এই আট মাস বসে থাকেননি কল্যাণ। কাজ শুরু করেন খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো চলচ্চিত্রে। তাঁর সঙ্গে আছেন মিম ও ইমন। পয়লা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ছবিটির। তাহলে কি আর ছোট পর্দায় কাজ করবেন না? ‘না না, তা নয়। এক ঘণ্টার নাটকের কাজ তো করছিই। আর সব কিছু ভালো হলে ধারাবাহিকও করব।’সব মিলিয়ে ব্যস্ততার শেষ নেই এখন কল্যাণের। তবু সময় পেলেই দেশ-বিদেশের সব ধরনের ছবি দেখেন। আর নিজেকে ফিট রাখতে করছেন ব্যায়াম ও ডায়েট। ছবির নায়ক হলে শারীরিক ফিট যে হতেই হবে। কেননা আরও যে অনেক দূর যেতে চান তিনি।