র্যাম্পে আলো ছড়ালেন তারকারা! (ভিডিও)
ফ্যাশন শোতে সাধারণত র্যাম্প মডেলদেরকেই বিভিন্ন ডিজাইনের পোশাক পরে ক্যাটওয়াকে দেখা যায়। কিন্তু সংগীত, টিভি কিংবা চলচ্চিত্র অভিনয়শিল্পীরা যখন র্যাম্প মডেলদের মতো ক্যাটওয়াক করেন, তখন পুরো বিষয়টিতেই ভিন্ন মাত্রা পায়। গতকাল বুধবার সন্ধ্যায় ঠিক এমনটিই হলো। নতুন স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির লোগো উন্মোচন অনুষ্ঠানে গতকাল উপস্থিত সবাই সে রকমই একটি দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা র্যাম্প মডেল হয়েছেন। এর মধ্যে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় একটি কিউতে জুটি হয়ে র্যাম্প মডেল হিসেবে ক্যাটওয়াক করতে দেখা গেছে শাকিব খান-অপু বিশ্বাস, ফেরদৌস- মৌসুমী, আমিন খান-ফারিয়া, নিলয়-শখকে।এ ছাড়া অন্যান্য কিউতে র্যাম্প মডেলদের পাশাপাশি অভিনয় ও সংগীতশিল্পীদের অনেকেই মধ্যে র্যাম্প মডেল হয়ে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইলিয়াস কাঞ্চন, মৌ, দিতি, অপূর্ব, তপু, নিরব ও মেহজাবিন। র্যাম্পে তাঁরা দেশীয় বিভিন্ন বাংলা গানের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি গানের সঙ্গেও পারফর্ম করেন।এখানেই শেষ নয়, তারকাশিল্পীদের ক্যাটওয়াকের ফাঁকে ছিল বিভিন্ন পরিবেশনা। এতে অংশ নিয়েছিলেন বিদ্যা সিনহা মিম, সারিকা, সংগীতশিল্পী মিলাসহ আরও অনেকে।অনুষ্ঠানটি শুরু হয়েছিল উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া ‘সোনাঝরা রোদ্দুর শেষে, সোনালি মেঘের খেলা’ শিরোনামের সূচনা-সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। মাহমুদ মানজুরের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীতপরিচালক ইবরার টিপু।অনুষ্ঠানের একপর্যায়ে এশিয়ান টিভির লোগো উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ আরও অনেকে।পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও নওশীন নাহরীন। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ফারিয়া মাহবুব পিয়াসা।