র্যাম্পের পিয়া এবার নৃত্যশিল্পী

আলোচিত র্যাম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াকে এবারের ঈদে নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে। আরটিভির ঈদের নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগাও প্রাণ’-এর নাচে অংশ নিয়েছেন তিনি।
‘ছন্দে জাগাও প্রাণ নামে’ এ অনুষ্ঠান সম্পর্কে পিয়া বলেন, ‘আমার কখনো সাহস হয়নি এভাবে মঞ্চে নাচার । এবারে নাচলাম। তবে এর জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম। বেশ কয়েকদিন মহড়াও করেছি। আশা করি অনুষ্ঠানটি সবাই উপভোগ করবে।’
ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নাচের অনুষ্ঠান ‘ছন্দে জাগাও প্রাণ’ এ পিয়া ছাড়া আরও অংশ নিয়েছেন লাক্স সুপারস্টার খ্যাত মেহজাবিন, ভিট টপ মডেল খ্যাত হাসিন এবং অভিনয়শিল্পী শশী ও মডেল তানজিন তিশা।
সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘ছন্দে জাগাও প্রাণ’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত আটটা ১০ মিনিটে আরটিভিতে।
পার্থ সরকারের পরিচালনায় ‘টু বি অর নট টু বি’ টেলিছবি দিয়ে অভিনয়ে আসেন পিয়া। এখন নিয়মিতই অভিনয় করছেন। তবে তা এখনো পছন্দের নির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ আছে ।
টিভি নাটকের পর পিয়া চলচ্চিত্র অভিনয়েও নাম লেখান। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি। এতে তিনি অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিমের বিপরীতে। এ ছবিতে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের রায়ে চূড়ান্ত পর্বের মনোনয়ন পেয়েছিলেন পিয়া।
এরপর পিয়া চুক্তিবদ্ধ হন ‘প্রবাসী প্রেম’ নামের আরেকটি চলচ্চিত্রে। মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি । ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিং শুরু না হলেও পিয়া সম্প্রতি ‘দ্য স্টোরি অব সামারা’ নামের আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের পর যেকোনো সময় ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির শুটিং শুরু হবে বলে জানালেন পিয়া।
উল্লেখ্য, আলোচিত র্যাম্প মডেল পিয়া এ বছরের মার্চে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পিয়ার মাথায় চ্যাম্পিয়নের মুকুট পরিয়ে দিয়েছিলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কারিশমা কাপুর। ২০০৭ সালে পিয়া মিস বাংলাদেশ হওয়ার গৌরব অর্জন করেন। এ বছরের মার্চে মিসরে অনুষ্ঠিত ‘টপ মডেল অব দ্য ইয়ার’ নামের আরেকটি প্রতিযোগিতায়ও অংশ নেন পিয়া।