র‌্যালিতে অনুপস্থিত ছিলেন অনেক শিল্পী ও কলাকুশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার সকালে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। কিন্তু এ র‌্যালিতে অংশ নেয়নি চলচ্চিত্র-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন। বিএফডিসির পক্ষ থেকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনকে জাতীয় চলচ্চিত্র দিবসের র্যালিতে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র পাঠানো হয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। শেষ মুহূর্তে আমন্ত্রণ পাঠানোর কারণে ক্ষুব্ধ হয় সংগঠনগুলো। এদিকে বিএফডিসির র‌্যালির পরে আরেকটি র‌্যালি বের করা হয়। এই র‌্যালিতে অংশ নেয় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। এ র‌্যালি বিএফডিসি থেকে বের হয়ে হাতিরঝিল প্রদক্ষিণ করে বিএফডিসিতে এসে শেষ হয়।বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, ‘আমরা বিএফডিসি কর্তৃপক্ষের আচরণে মোটেও সন্তুষ্ট হতে পারিনি। তাই আমরা আলাদা র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছি।’এ ব্যাপারে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি এখন র‌্যালি নিয়ে ব্যস্ত আছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র মুক্তি দেওয়া প্রসঙ্গে খোকন বলেন, ‘এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সব সময়ই বলে আসছি, বাংলাদেশের চলচ্চিত্রের এখন দুঃসময় চলছে। এ সময় নিজেরা তৈরি হয়ে না এগোলে ভারতীয় ছবির আগ্রাসন ঠেকানো যাবে না। কিন্তু একটি মহল তা চাচ্ছে না। তারা নিজেদের স্বার্থের কারণে বারবার ষড়যন্ত্র করছে। আমরা শিগগিরই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।’ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি খোকন আরও বলেন, ‘আমাদের দাবিগুলো হলো—আগে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো ভারতে প্রদর্শন করতে হবে, আমাদের শিল্পী ও কলাকুশলীদের সেখানে পরিচিত হওয়ার সময় ও সুযোগ দিতে হবে, আমাদের দেশে ভালো মানের চলচ্চিত্র তৈরির সংখ্যা বাড়াতে হবে, আমাদের চলচ্চিত্রের প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে। তার আগে ভারতে বাংলাদেশের চলচ্চিত্র রপ্তানি কিংবা ভারত থেকে কোনো চলচ্চিত্র আমদানি মেনে নেওয়া হবে না। এখন বাংলাদেশ থেকে ভারতে চলচ্চিত্র রপ্তানির নামে যা হচ্ছে, আমি মনে করি তা আমাদের সামনে মুলো ঝুলানো হচ্ছে। আমরা তা মেনে নিব না।’