লক্ষ্ণৌর উৎসবে পুরস্কার পেল সানবিমস স্কুল
ভারতের লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সেলেসতা-২০১০ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে সর্বশ্রেষ্ঠ সংগীত দলের পুরস্কার জিতেছে ঢাকার সানবিমস স্কুল। স্কুলটি দলীয় সংগীত বিভাগে দেশাত্মবোধক গান পরিবেশন করে মোস্ট আউটস্ট্যান্ডিং দল বা সর্বশ্রেষ্ঠ দলের পুরস্কার অর্জন করে।লক্ষ্ণৌ সিটি মনটেসরি স্কুল আয়োজিত এবারের এই উৎসবে সানবিমস স্কুলের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল ও ভারতের বিভিন্ন রাজ্যের অনেক স্কুল অংশ নেয়। সর্বাধিক শিক্ষার্থীর জন্য গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া লক্ষ্ণৌ সিটি মনটেসরি স্কুল প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে। ১৭ থেকে ২১ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সানবিমস স্কুলের সংগীত দলে ছিল তাসনিয়া চৌধুরী, পদ্য পারমিতা, অপরাজিতা মুস্তাফা, সাবরিনা শারমিন, সাবাবা বিনতে মতিন, নুসরাত ইসলাম ও সারাফ নাওয়ার। সংগীত যোজনা করেন আবদুল কাদির। দলনেতা ছিলেন সেলিনা মুস্তাফা। সানবিমস স্কুলের পুরস্কার বিজয়ী দলটি গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরে এসেছে।চারুশিল্পী কর্মশালা শুরুবৃত্ত আর্টস ট্রাস্টের নিয়মিত আয়োজন বৃত্ত আন্তর্জাতিক চারুশিল্পী কর্মশালা-২০১০ আজ বুধবার থেকে শুরু হচ্ছে। প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে এই কর্মশালা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। আয়োজক সূত্র জানায়, চতুর্থবারের মতো আয়োজিত এই কর্মশালায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, ইতালি, ইরান, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও কিরগিজস্তানের ১০ শিল্পীর পাশাপাশি বাংলাদেশের ১০ জন শিল্পী অংশ নিচ্ছেন। শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মশালায় শিল্পীদের শিল্পকর্ম দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।সিলেটে নাট্যোৎসব শুরু হচ্ছেসিলেট প্রতিনিধি জানান, সিলেট নগরে আজ থেকে ছয় দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব শুরু হচ্ছে। নবশিখা নাট্যদলের উদ্যোগে রিকাবীবাজারের সিলেট অডিটোরিয়ামে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী দিনে নবশিখা নাট্যদল গিট্টু নাটক পরিবেশন করবে।আয়োজকেরা জানান, এই নাট্যোৎসবে ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র, মহাকাল নাট্য সম্প্রদায়, চট্টগ্রামের নাট্যাধার, বরিশালের নাট্যম, রাজশাহীর রাজশাহী থিয়েটার, রংপুরের রংপুর নাট্যকেন্দ্র নাটক মঞ্চায়ন করবে। এ ছাড়া উদ্বোধনী ও সমাপনী দিনে তিনজন নাট্যকর্মীকে সম্মাননা জানানো হবে।জাতীয় নাট্যোৎসব উদ্যাপন পর্ষদের সদস্যসচিব ধ্রুবজ্যোতি দে বলেন, ‘জাতীয় নাট্যোৎসব উদ্যাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এই উৎসব নিয়ে সিলেটের নাট্যকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।’এভারেস্ট জয়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। নানা প্রতিবন্ধকতা জয় করে গত ২৩ মে তিনি এভারেস্টের চূড়ায় ওড়ান বাংলাদেশের লাল-সবুজ পতাকা। পূরণ করেন তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিবছর অংশ নেন পর্বতারোহণে। মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের বিভিন্ন আলোকচিত্র নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।জাপানি ভাস্করের প্রদর্শনী শেষআমাদের নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেরপুর মাঠে আয়োজিত জাপানি ভাস্কর সেৎসু সুজুকির স্থাপনা শিল্পকর্ম প্রদর্শনী গত সোমবার শেষ হয়েছে। কৃষকের খেতে কাদা-পানিতে পাঁচ দিনের এই প্রদর্শনী দেখতে ভিড় করে হাজারো মানুষ।প্রদর্শনীতে ছিল হাসি-কান্না, সুখ-দুঃখের অভিব্যক্তি ফুটে ওঠা অসংখ্য রঙিন মুখের উপস্থিতি। কাঠ ও বিভিন্ন উপাদানে তৈরি ভাস্কর্যশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সৌহার্দ্য, সম্প্রীতি ও কৃষির সম্ভাবনার নানা দিক। প্রত্যন্ত গ্রামের শস্যখেতে এই প্রদর্শনী শুরু হয়েছিল ১৮ নভেম্বর।