লক্ষ্ম্যাপারের আয়োজনে মুগ্ধ শ্রোতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্ম্যাপারের আয়োজনে সানাই বাজাচ্ছেন হিরন্ন চন্দ্র দাস
লক্ষ্ম্যাপারের আয়োজনে সানাই বাজাচ্ছেন হিরন্ন চন্দ্র দাস

‘লক্ষ্ম্যাপার আজীবন সম্মাননা ২০১৫’ পেয়েছেন সানাইশিল্পী হিরন্ন চন্দ্র দাস। মাদারীপুরের দত্ত কেন্দুয়া গ্রামের এই প্রবীণ শিল্পীকে খুঁজে বের করে আনার জন্য লক্ষ্ম্যাপারকে ধন্যবাদ জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া। তিনি বলেন, ‘প্রান্তিক কৃষক যেমন আমাদের কৃষিকে রক্ষা করে, ঠিক তেমনি এই প্রান্তিক শিল্পীরাই বাঁচিয়ে রাখবে আমাদের আবহমান সংস্কৃতি। তাই হিরন্ন চন্দ্র দাসের মতো শিল্পীদের সম্মানিত করার মধ্য দিয়ে লক্ষ্ম্যাপার আমাদের ঐতিহ্যের শিকড়েই জল সিঞ্চন করেছে।’
অনুষ্ঠানের আরেকজন অতিথি নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই হিরন্ন চন্দ্র দাসের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে হিরন্ন চন্দ্র দাসের ওপর নির্মিত তথ্যচিত্র ‘তারেই খুঁজে বেড়াই’ প্রদর্শন করা হয়।
৬ ও ৭ জানুয়ারি লক্ষ্ম্যাপার আয়োজন করে সপ্তম বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। বাদ্যযন্ত্র প্রদর্শনী, শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা, শাস্ত্রীয় সংগীতে প্রণোদনা বৃত্তি প্রদান এবং রাতভর শাস্ত্রীয় গান আর বাদনে মুখরিত হয়েছিল নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টার।
সম্মিলনের প্রথম দিন বিকেলে অনুষ্ঠিত হয় শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় লক্ষ্ম্যাপার পরম্পরার শিক্ষার্থীদের বৃন্দগান দিয়ে। মধুবন্তী রাগে খেয়াল পরিবেশন করেন তাঁরা। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন। তাঁদের মধ্যে ইমন রাগে খেয়াল পরিবেশন করেন অভিজিৎ; ছিলেন শিউলি ভট্টাচার্যী (বেহালা), আমজাদ হোসেন (সেতার), অর্ণব ভট্টাচার্য (সরোদ), শুদ্ধশীল চ্যাটার্জি (সন্তুর) এবং বিপুল ভট্টাচার্য ও ফকির সুমন (কণ্ঠ)। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হন শ্রোতারা।
রাতভর অনুষ্ঠান শেষে ৮ জানুয়ারি সকালে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন লক্ষ্ম্যাপারের সমন্বয়ক অসিত কুমার।