লক্ষ্য চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হতে চাই তা বুঝে ফেলার পর অন্য কোনো কাজে সময় নষ্ট করার প্রয়োজন আছে? তাহসিন তা করছেনও না। অভিনয়েই সম্পূর্ণ মনোযোগ এখন তাঁর। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা শেষ হওয়ার পর মডেলিং আর অভিনয় দুটো ক্ষেত্রেই কাজ করার সুযোগ ছিল। খোলা ছিল বড় পর্দার দরজা। তাহসিন বেছে নিয়েছেন ছোট পর্দায় অভিনয়। ‘দু-একটা নাটকে অভিনয় করে মজা পেয়ে গেলাম। বুঝে ফেললাম, আমি অভিনয়শিল্পীই হতে চাই। এখন তাই সময় দিচ্ছি অভিনয়েই। নিজেকে তৈরি করছি অভিনয়শিল্পী হিসেবেই,’ বলেন তাহসিন।তাহসিনতে এখন দেখা যাচ্ছে সকাল আহমেদের টার্মিনাল, চয়নিকা চৌধুরীর আকাশের নিচে মানুষ, আলভী আহমেদের স্বপ্নভূক, ওয়াহিদ আনামের ভার্সিটি ইত্যাদি নাটকে। এতগুলো নাটকে একসঙ্গে কাজ করতে সমস্যা হয় না? তাহসিনের উত্তর, ‘এখন তো দর্শকদের কাছে নিজেকে চেনাতে হবে। এত চ্যানেলে এত নাটকের ভিড়ে আমার মুখটা যেন সবার পরিচিত থাকে। সে জন্যই এত কাজ করা। এর মধ্যেও বেছে কাজ করতে চেষ্টা করি।’র‌্যাম্প মডেলিংয়ে প্রচুর সুযোগ পেয়েছেন তাহসিন। তাঁর উচ্চতা, গঠন মডেলিংয়ের জন্য একদম মানানসই। তবু সেদিকে আগ্রহী নন তিনি। ‘এক বছর পরই হয়তো আমার এমন গঠন থাকবে না, গ্ল্যামারও থাকবে না। তখন কিন্তু মডেলিংয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু অভিনয়ে এমন ঘটবে না। নতুন নতুন চরিত্রের জন্য নতুনভাবে নিজেকে তৈরি করতে হবে। এখানে বৈচিত্র্য অনেক বেশি। আমার মনে হয়েছে মডেলিং আমার বেশি দিন ভালো লাগবে না। তাই আর ওপথে হাঁটছি না।’তাহসিনের সমসায়িক ইশানা, ঊর্মিলারা কাজ শুরু করছেন চলচ্চিত্রে। তাহসিন এখনই বড় পর্দায় যেতে চান না। ‘অন্যরা করছে বলে আমারও এখনই করতে হবে, তা আমি ভাবি না। আসলে বড় পর্দার দর্শকশ্রেণী এত বিস্তৃত যে তাদের আকর্ষণ ধরে রাখার জন্য একজন শিল্পীর অনেক বেশি দক্ষতা থাকা দরকার। সেটা অর্জন করতে আমার আরও সময় লাগবে। তার পরই আমি বড় পর্দায় আসব।’লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা তিনে জায়গা হয়নি তাঁর। তবে এ নিয়ে এখন তাঁর দুঃখ নেই। বরং এই জায়গা না পাওয়াটাই তাঁকে সাহায্য করেছে আরও ভালো কাজ করতে। ‘সেরা তিনে থাকতে না পেরে আমার জেদ বেড়ে গেল। ভালো কাজ করবই, এমন একটা রোখ চেপে গেল। আসলে প্রতিযোগিতাটা একটা বড় প্ল্যাটফরম, কিন্তু সেখান থেকে বেরিয়ে নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়,’ বলেন তাহসিন।মাত্রই শেষ হলো চৈতা পাগল নাটকের শুটিং। এখানে এক গ্রামের বিধবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আমাদের বাসায় কাজ করতেন এক বিধবা মহিলা। তাঁকে অনুসরণ করতে শুরু করলাম চরিত্রের জন্য। তিনি খুব নরম স্বভাবের মানুষ, সারাক্ষণ হা-হুতাশ করেন। কিন্তু আমার চরিত্রটি আবার একদম উল্টো। কেউ কিছু বললে দা নিয়ে তেড়ে আসে, এমন। কী আর করা, মাহফুজ ভাই-ই তখন ভরসা হয়ে এলেন। তাঁর সঙ্গে আলোচনা করেই ঠিক করে নিতাম, কীভাবে অভিনয় করব,’ জানালেন তাহসিন।কাজ নিয়ে দারুণ ব্যস্ততা। এর পরও প্রস্তুতির জন্য আলাদা সময় রাখেন তিনি। সামনে যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে হবে। দেশে ফিরেই থিয়েটারে যোগ দেওয়ার কথা তাঁর। চলচ্চিত্রে অভিনয় নিয়ে একটি কোর্স করবেন বলে জানান। ‘শখে একটি ছবিতে অভিনয় করলাম, ছবি ফ্লপ হলো, আবার ছোট পর্দায় ফিরে এলাম। এমনটা আমি করতে চাই না। আমার কাছে অভিনয় জীবনের “আলটিমেট গোল” হলো চলচ্চিত্র। তাই সব ধরনের প্রস্তুতি নিয়েই চলচ্চিত্রে আসতে চাই,’ বলেন তাহসিন।