
ভাওয়াইয়া গান কোনগুলো? কানে হেডফোন গুঁজে রাখা কোনো তরুণের কাছে জানতে চাওয়া যাক। বেশির ভাগ তরুণ হেডফোন খুলে কানের পেছনটা চুলকাতে চুলকাতে বলবেন, ‘আসলে তেমন শোনা হয় না।’ অথচ ‘ও কী বন্ধু কাজল ভোমরা’ কিংবা ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’ গানগুলো তাঁরা কোথাও না কোথাও শুনেছেন—চলচ্চিত্র বা অন্য কোনোখানে।
ভাওয়াইয়া গান নিয়ে একটা শক্ত কাজে নামতে চান এ রকম একজন তরুণকে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের সেই ছেলে শিবলী সাদিক। না বুঝেই গাইতে শুরু করেছিলেন। এক সময় আশপাশের গ্রাম থেকে ডাক পড়তে শুরু করে। লোকজন জড়ো হতেন তাঁর গান শুনতে। আসর ভাঙলে শিবলী জানতে পারতেন, বাবা এসেছিলেন তাঁর গান শুনতে। বাবাও চাইতেন, ছেলে গান করুক।
গত বছর দ্বিতীয়বারের মতো মাছরাঙা টেলিভিশন শুরু করে ‘ম্যাজিক বাউলিয়ানা’ নামে লোকসংগীতের প্রতিযোগিতাটি। সারা দেশ থেকে অডিশন নিয়ে বাছাই করে ঢাকায় আনা হয় ৪০ জনকে। বিভিন্ন বয়সের সেই শিল্পীদের মধ্যে ছিলেন শিবলী সাদিক। তাঁর অঞ্চলের মানুষদের আক্ষেপ, ‘ক্লোজআপ ওয়ানে’ দ্বিতীয় রানারআপ, ‘ক্ষুদে গানরাজে’ সপ্তম হয়েছিল তাঁদের শিল্পীরা। ম্যাজিক বাউলিয়ানায় চ্যাম্পিয়ান হয়ে এলাকার মানুষের আক্ষেপ দূর করে দিয়েছেন শিবলী। গল্পচ্ছলে বলছিলেন, ‘অভিনন্দন জানাতে ফোন করছেন বহু মানুষ। ফোন না ধরলে মন খারাপ করবেন ভেবে ২৪ ঘণ্টা ফোন খোলা রাখতে হচ্ছে।’
মঙ্গলবার বিকেলে আড্ডা দিতে দিতে অনেক কথা বললেন শিবলী। সংগীত কলেজে ভর্তি হতে পারেননি বটে, ২০০৯ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তনের লোকসংগীত বিভাগে ভর্তি হয়েছিলেন। বাবা অসুস্থ হয়ে পড়ায় চূড়ান্ত পরীক্ষাটা দেওয়া হয়নি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাস করেছেন। তবে গানটাই করতে চান, বিশেষ করে ভাওয়াইয়া। এই লোকগানকে জনপ্রিয় করে মানুষের আরও কাছে পৌঁছে দিতে চান তিনি। ম্যাজিক বাউলিয়ানার বিচারক ফরিদা পারভীন ও ইন্দ্রমোহন রাজবংশী তাঁকে বিশেষভাবে বলে দিয়েছেন, ‘ভাওয়াইয়া গানটা ছেড়ো না। সব গানে পারদর্শী হওয়া যায় না। ভাওয়াইয়াটাই ভালো করে গাও। তোমার গলায় এটাই ভালো মানায়।’ একদিন তাঁর গান শুনে খুশি হয়ে হাত থেকে ব্রেসলেট খুলে দিয়েছিলেন আরেক বিচারক বাউল সফি মণ্ডল। বাম হাতের ব্রেসলেটটি দেখিয়ে বললেন, ‘সেই থেকে এটা আমার হাতে।’
ম্যাজিক বাউলিয়ানার গালা রাউন্ড দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। ১৪ মে সাভারের আশুলিয়ায় এইজিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ময়মনসিংহের প্রতিযোগী শফিকুল ইসলাম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন কুষ্টিয়ার লাল্টু হোসেন। নতুন প্রজন্মের কাছে দেশের লোকসংগীতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে দ্বিতীয়বারের মতো ম্যাজিক বাউলিয়ানার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন।