
বাবা মইনুদ্দিন আহমেদের একটা ব্যান্ড ছিল। স্বাভাবিকভাবে আশপাশে কনসার্টে গাইতে যান তাঁরা। পুরো দলের সঙ্গে থাকতেন আরেকজন। তাও আবার বাবার কাঁধে চড়ে। বাবা হয়তো তখনো জানতেন না, মেয়েটি তাঁর মতোই একসময় মঞ্চ মাতাবেন। কী করে জানবেন! মেয়ের অন্য সব প্রতিভার খোঁজ পাওয়া গেলেও গানের প্রতিভা যে ‘সুপ্ত’ ছিল, তা এত দিনে বলাই যায়। মেয়েটি আনিকা। পুরো নাম তাসনিম তামান্না আনিকা।
চট্টগ্রামে জন্ম। সেখানেই বেড়ে ওঠা। গান নিয়ে আনিকার ভাষায় বলা যায়, ‘বাবার কাঁধে চড়ে আমার গানের সঙ্গে পরিচয়। গানের সঙ্গে প্রেম। তবে কখনো আয়োজন করে গান শেখা হয়নি। কিন্তু কী করে জানি গানটাই এখন আমার পেশা হতে চলেছে।’
সেই ‘কী করে জানি’ অবশ্য প্রকাশ করলেন। চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুরা মিলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলেছিলেন। তখন একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা শুরু হয়। টিভি দেখে সেখানে নিবন্ধন করেন আনিকা। কিন্তু ওই পর্যন্তই। যাব না, যাব না করেও বন্ধুদের চাপাচাপিতে গেলেন ‘পাওয়ার ভয়েস’-এ অডিশন দিতে। টিকে গেলেন। তারপর দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপের বেলায় বাসায় জানালেন ব্যাপারটা। এত দিন পর্যন্ত বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও যেহেতু এবার ঢাকায় আসতে হবে, তাই পরিবারকে জানাতেই হবে। চট্টগ্রামের ১৬ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যে মেয়ে ১৬০ জনের কাতারে চলে এসেছেন, তাঁকে আর ঢাকায় না পাঠিয়ে থাকা যায়।
২০১২ সালে গানের জন্য ঢাকায় এসে খালি হাতে ফিরে যাননি আনিকা। ‘পাওয়ার ভয়েস’-এর সেরা ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি।
তারপর থেকে গানই সঙ্গী আনিকার। মিশ্র শিল্পীর কয়েকটি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। প্রস্তুতি নিচ্ছেন একক অ্যালবামের। তবে গানেই শুধু আনিকার প্রতিভার পরিচয় পাওয়া যাবে না। ২০০৮ সালে ‘মিস চট্টগ্রাম’ নামে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন। হয়েছেন সেরা ফ্যাশন ডিজাইনারও। মঞ্চে অসংখ্য অনুষ্ঠানে গান করার পাশাপাশি উপস্থাপনাও করেন নিয়মিত।
এত প্রতিভাময়ী মেয়েটি গানের মধ্যেই ডুবে থাকতে চান। তাই স্থায়ীভাবে ঢাকাতেই আছেন। লক্ষ্য এখন একটাই, তা হলো গান শুনিয়ে বাবাকে তৃপ্ত করা। বললেন, ‘বাবা যেদিন বলবেন, আমার গান শুনে তিনি মুগ্ধ হয়েছেন, সেদিনই বুঝব কিছু একটা করতে পেরেছি।’