লক্ষ্যাপারের উৎসবে মুগ্ধ শ্রোতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্যাপার আয়োজিত ষষ্ঠ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা
লক্ষ্যাপার আয়োজিত ষষ্ঠ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা

‘দাদা, আমি হইলাম মাটির মানুষ, আমারে কেন আকাশে তুইলা দিলেন। আমি তো আকাশে উড়াল দেবার মতো উপযুক্ত না।’ বললেন ট্রামপেট শিল্পী মহরম আলী খান। লক্ষ্যাপার আয়োজিত ষষ্ঠ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। মঞ্চে যখন এই শিল্পী তাঁর বাদন শোনালেন, তখন মনে হলো মাটির মানুষটি তাঁর সুরের ডানায় মানুষকে আকাশবিহার করাতে জানেন। কুমিল্লা জেলার মুরাদনগর থানার এক অজ পাড়াগায়ের মানুষ মহরম আলী খান। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া। জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয় এই শিল্পীকে। 
১৪ ও ১৫ জানুয়ারি নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ এবং নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ষষ্ঠ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। শাস্ত্রীয় সংগীতের উৎসব হলেও এবার এই আয়োজনে যুক্ত হয়েছে বঙ্গীয় ঐতিহ্য উৎসব ‘বাহিরানা’। এখানে ছিল লাঠিখেলা, দাঁড়িয়াবান্দা, হা-ডু-ডু খেলা এবং ঢাকবাদ্য প্রতিযোগিতা। ১৪ জানুয়ারির এই উৎসব উৎসর্গ করা হয় পণ্ডিত রামকানাই দাশকে। ছিল গোলটেবিল বৈঠক। এবারের বিষয় ‘সুকুমার বৃত্তি বিকাশে বর্তমান জাতীয় কারিকুলামের ভূমিকা’। বিকেলে অনুষ্ঠান শুরু হয় শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে। দুই বিভাগে ২০ জন প্রতিযোগী অংশ নেন ‘হারাধন-সুখেন শাস্ত্রীয় সংগীত প্রণোদনা বৃত্তি প্রকল্প’র ছয়টি বৃত্তির জন্য।
ষষ্ঠ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন উৎসর্গ করা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। ১৫ জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত ছিল শুধু শাস্ত্রীয় সংগীতের পরিবেশনা। অনুষ্ঠান শুরু হয় ‘গাওতি’ রাগে রাজশাহীর আলমগীর পারভেজের খেয়াল পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মোহনবীণায় রাগ ইমন পরিবেশন করেন চট্টগ্রামের দোলন কানুনগো। তাপস দত্তের কণ্ঠে বেহাগ রাগ অন্য মাত্রা নিয়ে আসে। একে একে চলতে থাকে শর্মিলা মজুমদারের কণ্ঠে রাগ জয়জয়ন্তী, মো. মনিরুজ্জামানের বাঁশিতে বাগেশ্রী, সুপ্রতীক সেনগুপ্ত সেতারে পরিবেশন করেন রাগ দরবারি এবং পরজ বসন্ত, বিলাসখানি টোড়িতে খেয়াল ও মিশ্র খাম্বাজ রাগে ঠুমরি করেন ভারতের কস্তুরী বন্দ্যোপাধ্যায়। সব শেষে ছিল সিলেটের সুপ্রিয়া দাশের রাগ বৈরাগী পরিবেশনা।
সব ক্রূরতাকে পেরিয়ে এক সুরেলা বন্দরনগর নির্মাণে নারায়ণগঞ্জের সংস্কৃতিকর্মীদের ঐকান্তিক প্রয়াসের সাক্ষ্য বহন করবে দুই দিনের এই সম্মিলন। রাতব্যাপী এই আয়োজন দেখে মুগ্ধ হলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শক আর শ্রোতারা।