লজ্জায় অভিব্যক্তি এলোমেলো হয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় প্রায়ই এ ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা কখনো বিরক্তির, কখনো মজার আবার কখনোবা মধুর। এই বিভাগে আজ জেনে নিন শিরীন শিলার দুটি এনজি শটের মজার স্মৃতি।
শিরীন শিলা
শিরীন শিলা

শাহিন-সুমনের মিয়াবিবিরাজিছবির একটি দৃশ্য করতে গিয়ে একাধিক এনজি শটের কবলে পড়েছিলাম। দৃশ্যটি এমন—আমি আর সুমিত প্রেম করি। জানাজানি হলে বাবা আমাকে ঘরে আটকে রাখেন। অনেক দিন দেখা হয় না সুমিতের সঙ্গে। একদিন গভীর রাতে সুমিত চুরি করে আমার সঙ্গে দেখা করতে আসে। জানালা দিয়ে দুজনের কথাবার্তা হচ্ছে। এর মধ্যে সুমিতের কাশি চলে আসে। কোনোভাবেই থামছে না। ধরা পড়ে যাওয়ার আশঙ্কা। তাকে পানি খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু গ্লাস জানালা দিয়ে যাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে, জানালার ফাঁক দিয়ে নিজের মুখে পানি নিয়ে সুমিতের মুখে দিতে গিয়েই বিপত্তি বাধল। দৃশ্যটি যতবারই করতে যাই, লজ্জায় অভিব্যক্তি এলোমেলো হয়ে যায়। এভাবে কতবার যে শটটা এনজি হয়েছিল, গুনে তা এখন আর বলা যাবে না!

আরেকটি ঘটনা ওয়াজেদ আলী সুমনের হিটম্যান ছবির। রাত করে চুপি চুপি বাড়িতে ফেরার দৃশ্য এটি। এমনভাবে বাড়িতে ঢুকতে হবে, যাতে কেউ টের না পায়। তো আমি চোখ বন্ধ করে জিবে কামড় দিয়ে পা টিপে টিপে বাড়িতে ঢুকছি, দৃশ্যটি পরিচালক পছন্দ করলেন না। বললেন, ‘চেহারার অভিব্যক্তিটা আরও সিরিয়াস হবে।’ এবার সিরিয়াস হয়ে ঢুকছি, ক্যামেরা চলছে। হঠাৎ পরিচালক ক্যামেরা থামিয়ে দিয়ে বললেন, ‘না, এভাবে নয়।’ আবারও এনজি। একাধিক এনজি হওয়ার পর সেই প্রথমবার দেওয়া শটটিই শেষে চূড়ান্ত করলেন।

অনুলিখিত