অ্যাঞ্জেলিনা জোলির জন্য বিয়ের আংটি আর নিজের জন্য নাকি একটা বন্দুক কিনেছেন ব্র্যাড পিট। নিন্দুকেরা এখন খবর ঠিক হজমিবড়ি দিয়েও হজম করতে পারছেন না। খোঁচা মারার এমন দুর্লভ সুযোগ কেউ ছাড়ে? ফলাফল হলো, হলিউডের বাজারে একটা কৌতুক বেশ জমেছে। বিয়ের আংটি কেনা মানেই তো বিয়েটা হয়েই যাচ্ছে। আর পুরুষ মানুষ যে দুই প্রকার: জীবিত ও বিবাহিত, কে না জানে! পিটের এই বন্দুক কেনা নিশ্চয়ই প্রতীকী আত্মহনন!আসলে ঘটনা অন্য রকম। বন্দুক পিট কিনেছেন ঠিকই। জোলির বিয়ের আংটি কেনার খবরটা অবশ্য ২৪ ক্যারেটের মতো খাঁটি কি না, বলা মুশকিল। ‘শিগগিরই বিয়ে করব’ বলে ব্র্যাঞ্জেলিনা জুটি সেই যে মুলা ঝুলিয়ে রাখলেন, এর মধ্যে সাংবাদিকেরা বিয়ের খবর লিখে লিখে আঙুল আর কি-বোর্ড ক্ষয় করে শেষে ক্ষ্যামা দিলেন, কিন্তু ‘শিগগিরই’ আর শেষ হয় না।ইন টাচ উইকলি নামের এক সাময়িকী পাকা খবর দিয়েছে, গেল ২৭ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের ‘নিল লেন’ নামের অলংকারের দোকান থেকে কেনা হয়েছে আংটিটা। এটি সাধারণ আংটি নয়, বিয়েরই আংটি। এই দোকান থেকেই জোলির বাগদানের আংটি কেনা হয়েছিল। হলিউড তারকাদের কাছে ‘নিল লেন’ খুবই জনপ্রিয়। এখান থেকেই বিয়ের আংটি কিনেছেন জেসিকা সিম্পসন, মাইলি সাইরাসেরাও।সে না হয় গেল। কিন্তু পিট যে বড় বন্দুক কিনলেন? কী শিকার করতে চান? জোলির হূদয়? সে তো সেই কবেই খাঁচাবন্দী করে ফেলেছেন। নিন্দুকের মুখে ছাই দিয়ে দিব্যি অষ্টম বছরে গড়াচ্ছে ছয় সন্তান নিয়ে তাঁদের ‘পঞ্চাশবর্তী’ সংসার। বন্দুকের রহস্য কী? নাকি সমাসন্ন বিয়ের অনুষ্ঠানে পার্টি ক্র্যাশার বা উটকো অতিথিদের তাড়ানোর জন্য? নাকি তাঁর সর্বশেষ ছবি কিলিং দেম সফটলি যে বক্স অফিসে ‘সফটলি কিল’ হয়ে যাচ্ছে, সেই শোকে!আসলেই গত দুই দশকের ক্যারিয়ারে পিটের কোনো ছবি এতটা বাজে শুরু করেনি। টপচার্টে সাতে আর প্রথম সপ্তাহে ৭০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু হয়েছে কিলিং দেম সফটলির। কানে পাম ডি’অরের জন্য লড়াই করা ছবিটি অবশ্য সমালোচকদের মন জিতে নিয়েছে। অনেকেই পরিচালক অ্যান্ড্রু ডমিনিকের গালভরা প্রশংসা করছেন। এই পরিচালকের সঙ্গে পিট এর আগেও অ্যাসাসিনেশন অব জেসি জেমস ছবিতে কাজ করেছেন।পিট অবশ্য ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে বেশ উদ্বিগ্ন নন। যদিও উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক ছিল। কারণ, ছবির শীর্ষ প্রযোজকও তিনি। আসলে পিটকে এখন আচ্ছন্ন করে রাখছে ঘরসংসার। অভিনয়, ছবির মায়াবী কল্পিত জগৎ, লাইট-ক্যামেরা-অ্যাকশন এখনো তাঁকে যথেষ্ট টানে। তবে সবচেয়ে বেশি তিনি উপভোগ করেন পরিবারের সঙ্গে কাটানো সময়টা।দুই বছর বাদে ৫০ পূর্ণ করবেন। এই বয়সটাও মানুষকে শিকড় ছড়িয়ে থিতু হওয়ার জন্য উসকে দেয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পিট বলেছেন, ‘সর্বশেষ যেসব প্রকল্পে কাজ করলাম, এর সবগুলো নিয়ে আমি খুশি। আমি এখনো মানুষকে এই গল্প বলার শিল্পটাকে অনেক ভালোবাসি, যেটা সেই ছোট্টবেলা থেকেই আমার জীবনের অংশ হয়ে আছে। অভিনেতা হিসেবে আমি মানুষের সব জটিল দৃষ্টিকোণ আবিষ্কার করতে ভালোবাসি। তবে এখন আর আগের মতো ততটা মজা পাই না। কারণ, এখন আমার কাছে আমার পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে এখন আমি বেশি পছন্দ করি।’সবচেয়ে বড়টার নাম ম্যাডক্স, ১১ বছর বয়স। এর পর আট বছরের প্যাক্স, সাত বছরের জাহারা, ছয় বছর বয়সী শিলোহ, সর্বশেষ চার বছর বয়সী যমজ নক্স আর ভিভিয়েন। আধা ডজন ছেলেমেয়ে তাঁদের। এই বাচ্চারা সবাই একসঙ্গে মিলে যখন পাখির ছানার মতো কিচিরমিচির করে, শোরগোল করে, খুনসুটি করে, মারমারি লাগিয়ে দেয়; বাবা পিট নাকি দারুণ উপভোগ করেন। এই জীবনটাকে তখন তাঁর মনে হয়, লটারিতে জিতে যাওয়া বড় কোনো জ্যাকপট!সবই বোঝা গেল। কিন্তু বিয়েটা হচ্ছে কবে? ‘শিগগিরই, মনে হচ্ছে এটাই সঠিক সময়।’ পিটের এবারের ‘শিগগিরই’-এর মেয়াদ যেন দ্রুতই ফুরোয়! রাজীব হাসানএলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে