লতা ও মেহেদির একমাত্র দ্বৈত গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতা মুঙ্গেশকর ও মেহেদি হাসান—দুজনই প্রখ্যাত শিল্পী। একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। একজন সুরসম্রাজ্ঞী, অন্যজন গজলসম্রাট। তাঁদের মধ্যে ছিল দারুণ সখ্য। এ দুজনকে নিয়ে গান তৈরির চেষ্টা হয়েছে অনেকবার, কিন্তু নানা বাধার কারণে তা সম্ভব হয়নি। শুধু একবার দুজনে মিলে একটা গান করেছিলেন। গানটি হলো ‘তেরা মিলনা বহুত আচ্ছা লাগতা হ্যায়’। মেহেদি হাসানের সঙ্গে গান করার ব্যাপারে এভাবেই জানালেন লতা। সম্প্রতি নিজ বাড়িতে সাংবাদিকদের বললেন, ‘আমার সঙ্গে গান করার খুব ইচ্ছা ছিল হাসান সাহেবের (মেহেদি হাসান)। আর আমিও চেয়েছিলাম, একই ছবিতে কিংবা একই মঞ্চে গান করতে। আশির দশকের গোড়ার দিকে হাসান সাহেব সুস্থ। আমরা ঠিক করলাম, দ্বৈতকণ্ঠে একটি গান করব। হাসান সাহেব আমাকে সাত-আটটা গানের সুর করে পাঠিয়ে দিলেন। তখন আমি মুম্বাইতে। কথা ছিল, তিনি ভারতে আসবেন, নয় তো আমি পাকিস্তানে গিয়ে ওই গানগুলো রেকর্ড করব। কিন্তু বিশেষ কারণে তা আর হয়নি। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর একটা গান তৈরি হয়েছিল—তেরা মিলনা বহুত আচ্ছা লাগতা হ্যায়। গানটির সুর করেছিলেন ময়ুরেশ। হাসান সাহেবের সঙ্গে ওটাই আমার প্রথম ও শেষ দ্বৈতকণ্ঠের গান।’লতা মুঙ্গেশকরের বয়স এখন ৮৩। তিনি আছেন মুম্বাইতে। আর পক্ষাঘাতে শয্যাশায়ী মেহেদি হাসান করাচিতে। তবু দুজনের ভালোবাসা ও শ্রদ্ধা এখনো অটুট।