লতার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ সেপ্টেম্বর ছিল সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন। সংগীতজীবনের শুরুতে সংগ্রাম, পাওয়া না-পাওয়ার হিসাব অনেক সাক্ষাৎকারেই চাওয়া হয়েছে। জবাব সব সময়ই এক ও অভিন্ন—কোনো আক্ষেপ তাঁর নেই। সে প্রসঙ্গগুলো থাক।বরং আজ জেনে নিই লতার এমন কথা, যা হয়তো আপনার জানা নেই। ক্রিকেটপ্রেম, রান্না, বইপড়া, রফি ও দিলীপ কুমারের দূরে সরে যাওয়া, সেকাল-একালের বন্ধুরা, একাকিত্ব ইত্যাদি বিষয় নিয়ে জানাচ্ছেন মাসুম আলী
লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম, ৮৬ বছর পেরিয়ে গেছে। হালকা রঙের শাড়িতে আটপৌরে ভারতীয় নারীর অবয়ব নিয়ে সংগীত ভুবন শাসন করে যাওয়া নারী। অগণিত ভক্ত তাঁর। কোনো অপূর্ণতা কি থাকার কথা এ জীবনে?
সংসারজীবনে একেবারেই একাকী একজন মানুষ লতা। কখনো কি একাকিত্ব পেয়ে বসে না? লতা বলেন, ‘মাঝে মাঝে আমি আসলেই একাকিত্বে ভুগি। আমার বন্ধুবান্ধব, কাছের মানুষগুলো সব আমাকে একলা ফেলে চলে গেছে না-ফেরার দেশে। কিশোরদা, মুকেশ ভাইয়া, রফি সাহেব, সলিল চৌধুরী, শংকর জয় কৃষ্ণ, দেব আনন্দ, হেমন্ত কুমার আর নওশাদ সাহেবকে আমি খুব খুব মিস করি।’
ব্যক্তিজীবনে এর বাইরেও লতার ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, যাঁদের সঙ্গে পেশাগত সম্পর্কের বাইরে বেশি সময় কেটেছে। লতা বলেন, ‘নার্গিস, মীনা কুমারী আর আমি খুবই ঘনিষ্ঠ ছিলাম। আমৃত্যু তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এ ছাড়া অমিতাভ বচ্চন, সঞ্জীব কোহলি আর দিলীপ কুমার আমার খুব পছন্দের। এর বাইরে আমির খান, সনু নিগাম, শঙ্কর মহাদেব আর হরিহরনের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক।’

ক্রিকেটভক্ত লতার শখ রান্না আর বই পড়া
১৯৮৩ সালের বিশ্বকাপ জিতে নিল ভারত। লতা তখন লন্ডনে। ফাইনালে কপিল দেব বাহিনীর ওয়েস্ট ইন্ডিজকে হারানোর দৃশ্য গ্যালারিতে বসে দেখেছেন। ঘনিষ্ঠজনেরা জানেন, ক্রিকেটভক্ত লতা মঙ্গেশকরের জন্য একটা বিশেষ আসনের বরাদ্দ রয়েছে লর্ডসে। ওই দিন ফাইনাল শেষে লতািজ নিজে কপিল দেবকে অনুরোধ করলেন সদলবলে তাঁর ফ্ল্যাটে চলে আসতে। বিশ্ব চ্যাম্পিয়নরা সেই নিমন্ত্রণ লুফেও নিয়েছিলেন। লতা মজাদার অনেক খাবারের সঙ্গে নিজের তৈরি গাজরের হালুয়াও খাইয়েছিলেন তাঁদের।
আর দুটি বিষয়ে লতার বিস্তর আগ্রহ। প্রথমটি ছবি তোলা। লতা নিজেই জানালেন, ছবি তুলতে খুব ভালো লাগে। তবে এখন আর ছবি তোলা হয় না। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি বাপু ডিজিটাল ক্যামেরার ব্যাপার-স্যাপার বুঝি-সুঝি না, মজাও পাই না। আমার ভালো লাগে সাদা-কালো ছবি।’ ‘বই পড়া’ লতার আরেকটি পছন্দের বিষয়। বললেন, ‘নিজের রুমে যখন বই নিয়ে বসি, আমি যেন হারিয়ে যাই ভিন্ন কোনো জগতে।’

প্রেম এসেছিল

নাসরিন মুন্নি কবিরের লেখা লতা মঙ্গেশকর: ইন হার ওন ভয়েস বই থেকে জানা যায়, ছোটবেলায় ভালো লাগা আর ভালোবাসার মানুষটির নাম ছিল কে এল সায়গল। ‘কী অসাধারণ কণ্ঠ তাঁর। সারাক্ষণই ভাবতাম, ওহ্, একবার যদি সায়গল সাহেবের দেখা পেতাম! আরও ভাবতাম, বড় হলে আর কাউকে নয়, কেবল তাঁকেই বিয়ে করব।’

স্বপ্ন ছিল, একদিন বড় শিল্পী হবেন, সায়গলের পাশে দাঁড়িয়ে দ্বৈত গাইবেন। নিজের আয়ে প্রথম রেডিওটা কিনলেন লতা। চালিয়ে দিয়ে ভাবছেন, বহুদিন পর একটু শান্তিতে বসে সায়গলজির গান শুনবেন। একটু পরেই শুরু হলো খবর। প্রথম খবর—কুন্দন লাল সায়গল আর বেঁচে নেই! সেই কষ্ট সইতে পারেননি লতা। কাঁদতে কাঁদতে রেডিওটাকে ফিরিয়ে দিয়ে এসেছিলেন দোকানে।

আরেকজনের কথা জোরেশোরে শোনা যায়। মানুষটি দুর্গাপুরের প্রয়াত রাজপুত্র, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি রাজ সিং। ওই সময় রাজপরিবার রাজকে সাধারণ ঘরের কোনো মেয়েকে বিয়ে করার অনুমতি দেয়নি। পরিবারের অমতে লতাকে তাই বিয়ে করেননি তিনি, তবে আজীবন তাঁকেই ভালোবেসে গেছেন এক সময় রাজস্থানের হয়ে ৮৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার।

লতা-রফির দ্বন্দ্ব

মোহাম্মদ রফির সঙ্গে কোনো ব্যক্তিগত সংঘাত ছিল না লতার। লতা চেয়েছিলেন গানের জন্য শিল্পীর শতকরা ৫০ ভাগ রয়্যালটি আদায় করে নিতে। পুরো বিষয়টিতেই ছিল সব শিল্পীর স্বার্থচিন্তা। কিন্তু সহজ-সরল, সৎ মানুষ রফি মনে করলেন, প্রযোজকের কাছ থেকে একবার টাকা নিলে গানের ওপর শিল্পীর আর কোনো অধিকার থাকে না, সুতরাং লতার পাশে থাকতে পারবেন না! ব্যস, এই ছিল দ্বন্দ্বের কারণ।

এবার আসা যাক দিলীপ কুমার প্রসঙ্গে। প্রথম সাক্ষাতে লতাকে ‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন শিল্পী, মারাঠি মেয়ে, বেশ ভালো গায়’ এভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর দিলীপ কুমারও সেদিন হিন্দিতে যা বলেছিলেন তার বাংলা দাঁড়ায় এমন,‘মারাঠিদের একটা সমস্যা হলো, এদের গানে সব সময় ডাল-ভাতের গন্ধ চলে আসে।’ পরে দিলীপ কুমার প্রকাশ্যে বহুবার ‘ব্যাহেন লতা’র গানের প্রশংসা করেছেন এবং লতাও প্রকাশ্যে কৌতুকের সুরে বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, আমি কোনো দিন দিলীপজির হয়ে কণ্ঠ দিতে পারলাম না!’

লতা বলেন, ‘দিলীপ সাহেবের সঙ্গে আমি যোগাযোগ রাখার চেষ্টা করলেও তাঁর পক্ষ থেকে কেউ চাইত না যে আমার সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখুন। কিন্তু আমি বিশ্বাস করি তিনি তাঁর ছোট বোনটিকে ভুলে যাননি।’

সূত্র: উইকিপিডিয়া, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস