লতার রবীন্দ্রসংগীতের অ্যালবাম জানুয়ারিতে
লতা মুঙ্গেশকরের গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম বের হচ্ছে জানুয়ারিতে। নিজের ৮২তম জন্মদিনে গত ২৮ সেপ্টেম্বর এ ঘোষণা দিয়েছেন লতা। এখন তিনি নিয়মিত রবীন্দ্রসংগীতের চর্চা করছেন। এবার জন্মদিনটি তিনি পালন করেছেন অনাড়ম্বরভাবে, ঘনিষ্ঠজনদের নিয়ে। সংগীতজীবনে বিশেষ অবদানের জন্য গত বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে লতার হাতে তুলে দেওয়া হয় ‘হূদয়নাথ পুরস্কার’। আর এই পুরস্কার তুলে দেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানটি আয়োজন করে মুম্বাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘হূদয়েশ আর্টস’। পুরস্কার গ্রহণ করে লতা বলেন, ‘হূদয়নাথের নামাঙ্কিত পুরস্কারটি পেয়ে আমি গর্বিত। এত দিন বিচ্ছিন্নভাবে রবীন্দ্রসংগীত গেয়েছি। এখন আমি সম্পূর্ণভাবে ডুবে আছি কবিগুরুর গানে। এবারই প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের হবে আমার। মনে হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যেই কাজ শেষ করে ফেলতে পারব।’