প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের মহা ধুমধাম শেষ হলো দুই মাসের ওপর। নবদম্পতি রয়েছে কানাডা ভ্রমণে। তার পরও সেন্ট্রাল লন্ডনের হোটেল ও পার্কগুলোতে পর্যটকদের ভিড় অন্য সময়ের চেয়ে একটু বেশিই। রহস্য আরও ঘনীভূত হয় আশপাশে ছোটখাটো তাঁবুর ভেতরে মানুষজনের কথাবার্তায়। এ শহরে আজ কিছু একটা হতে চলেছে! ঘটনা ফাঁস করলেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে উড়ে আসা তরুণী লওরা ম্যাকগুয়ান। তিনি বললেন, ‘আমি এত বোকা না! গেলবার ভিড়ের চাপে কাছেই ভিড়তে পারিনি। আমার পুরো সফরটাই মাটি হয়ে গিয়েছিল। ‘হ্যারি পটার’ তারকাদের কাছ থেকে এবার দেখবই। তাই তিন দিন আগেই চলে এসেছি।’ অবাক হওয়ার কিছু নেই, দীর্ঘ এক দশকের ওপর হ্যারি পটার সিরিজের ছবিগুলো বিশ্বের কোটি কোটি দর্শককে মায়াজালে বন্দী করে রেখেছে। আজ হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ-২ এর শেষ কিস্তি; অবসান হয়তো ঘটবে বিশ্বব্যাপী পটার-ভক্তদের উন্মাদনার। ওয়ার্ল্ড প্রিমিয়ারের লাল গালিচায় পা রাখবেন হ্যারি পটার হিসেবে খ্যাত ডানিয়েল রেডক্লিফ, ইমা ওয়াটসন, রুপার্ট সিন্ট, রনি রাইটসহ তাদের সঙ্গীরা। লন্ডনের ট্রাফালগার স্কয়ারে চলছে প্রিমিয়ারের বিশাল প্রস্তুতি, বেড়ে গেছে নিরাপত্তাবেষ্টনী। লন্ডনের খোদ মেয়র বরিস জনসন জানিয়েছেন অনুষ্ঠান সম্পর্কে তাঁদের উচ্ছ্বাস, ‘বিগত দশকজুড়ে পুরো বিশ্বকে মাতোয়ারা করে রেখেছে হ্যারি পটার ও তার প্রতিদ্বন্দ্বী শত্রু লর্ড ভলমার্টের কর্মকাণ্ড। এটি শুধুই একটি চলচ্চিত্র নয়; তার চেয়ে বেশি কিছু। আমি মনে করি, বিশ্বখ্যাত এ ছবিটির শেষ গালা প্রিমিয়ারের জন্য উৎকৃষ্ট জায়গা ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ার। অপেক্ষা করছি একটি রোমাঞ্চকর সমাপনী উৎসবের জন্য।’ এদিকে পটারের অন্যতম সঙ্গী ইমা ওয়াটসন টুইটারে লিখেছেন, ‘এটিই লন্ডনের ট্রাফালগার স্কয়ারে প্রথম ছবি প্রিমিয়ার। আশা করছি, বিশ্বের বিপুল পটার-ভক্তরা জড়ো হবেন সমাপনী আয়োজনে।’ আসল কথা, জড়ো হবেন না, জড়ো হতে চলেছেন বিশ্বের বিভিন্ন দেশের পটার-ভক্তরা। লন্ডনে বসবাসকারী ভারতীয় নাগরিক শুভন উপলাপাটি কাজ থেকে ছুটি নিয়েছেন তিন দিনের। বন্ধুবান্ধবসহ দুই রাত এখানেই কাটবে তাঁদের; পাছে ভালো জায়গাটুকু হাতছাড়া হয়ে যায়! হ্যারি পটারের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স লন্ডন প্রেসিডেন্ট জোস বার্গার জানান, ‘প্রিমিয়ার অনুষ্ঠানটি হবে আগত অতিথি ও ভক্তদের জন্য রোমাঞ্চকর এবং আনন্দের। নান্দনিকভাবে উপস্থাপনের সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আর ট্রাফালগার স্কয়ারের ঐতিহাসিক মূল্য অনেক।’ জেকে রাওলিংয়ের অনন্য সৃষ্টি দীর্ঘ ১৪ বছর বিমোহিত করেছে বিশ্বজোড়া দর্শক-ভক্তদের, সমৃদ্ধ করেছে যুক্তরাজ্যের চলচ্চিত্রশিল্পকে। হ্যারি পটারের সাতটি বই ও আটটি চলচ্চিত্রের কাটতি প্রকাশনা ও চলচ্চিত্রশিল্পে সৃষ্টি করেছে অনন্য রেকর্ড। আটটি ছবিই তৈরি হয়েছে যুক্তরাজ্যের লোকেশনে। রেনট্র্যাক ইডিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী বক্স অফিসে সাতটি ছবি আয় করেছে ৩ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড। এ প্রসঙ্গে ব্রিটিশ ফিল্ম কাউন্সিলের মুখ্য সচিব আড্রিয়ান ওটন জানিয়েছেন, ‘ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রি শক্ত ভিত গড়েছে হ্যারি পটার সিরিজের ছবিগুলোর মাধ্যমে। শার্লক হোমস, ব্যাটম্যান-এর মতো পটার সিরিজ তৈরি করেছে ছবি তৈরির যোগ্য কর্মী এবং অবকাঠামো। অন্যদিকে নেইলস্যান বুকস্ক্যানের তথ্যানুযায়ী, শুধু যুক্তরাজ্যে পটার সিরিজের বই থেকে আয় হয়েছে ২২৫ মিলিয়ন পাউন্ড। এদিকে হ্যারি পটারের ছবিগুলোর চিত্রায়ন স্থান স্কটল্যান্ডের হুগার্থ ক্যাসেলে আকস্মিকভাবে বেড়ে গেছে পর্যটকদের ভিড়। আর তার একটাই কারণ, সিরিজের শেষ পর্বের প্রিমিয়ারের আগে দৃশ্যায়িত স্থানগুলো খুব কাছ থেকে দেখে নেওয়া। হ্যারি পটারের ভক্তদের ভিড়, জটলা ক্রমাগত বাড়তেই থাকবে। কখন লাল গালিচায় পা রাখেন পটারের নায়কেরা, আর কী হবে প্রিমিয়ারে, আর কী থাকছে শেষ পর্বে। উৎকণ্ঠার অবসান ঘটছে আজ। আর রাজ্যজুড়ে উন্মাদনা সৃষ্টিকারী হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ-২ ছবির প্রিমিয়ারের খুঁটিনাটি থাকছে আগামী আনন্দে। দেখা যাক কী হয়। ইউটিউব সরাসরি সম্প্রচার করবে ঐতিহাসিক প্রিমিয়ারটি, আর তাই তো বহির্বিশ্বে ‘হ্যারি পটার’প্রেমীদের খুশির ঝিলিক!