লন্ডনে চলছে বঙ্গবন্ধু বইমেলা

পূর্ব লন্ডনের বেথনালগ্রিন অক্সফোর্ড হাউসে রোববার শুরু হয়েছে বঙ্গবন্ধু বইমেলা। মেলার উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ‘ধনধান্য পুষ্পভরা’ গানের সঙ্গে উদীচীর শিশুশিল্পীদের নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন বইমেলার অন্যতম উদ্যোক্তা প্রশান্ত ভূষণ বড়ুয়া। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সেন্টারের পরিচালক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী, অধ্যাপক লরেন্স ওয়েটস, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বইমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। লন্ডনের ইলফোর্ডের ইউরোপিয়ান কলেজ অব ল মিলনায়তনে মেলাটি চলবে অক্টোবর মাসজুড়ে।