লন্ডনে প্রশংসিত 'মুক্তি'
লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে যখন বাংলাদেশের থিয়েটারের মুক্তি নাটকের অভিনয় শেষ হলো, তখন মিলনায়তনপূর্ণ দর্শক বিপুল করতালির মধ্য দিয়ে তাঁদের মুগ্ধতার কথা জানিয়ে দিলেন। নাটক শুরুর আগে থিয়েটারের দলনেতা রামেন্দু মজুমদার ও উৎসবের কিউরেটর কাজী রুকসানা বেগম দর্শকদের স্বাগত জানান। ২ থেকে ২৪ নভেম্বর টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজন করেছে ‘এ সিজন অব বাংলা ড্রামা’। তারই অংশ হিসেবে সম্প্রতি মঞ্চস্থ হলো মুক্তি।
এবার ছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই নাট্য আয়োজনের একাদশ আসর। উৎসবে মুক্তি নাটকের অংশ নেওয়ার ব্যাপারে পৃষ্ঠপোষকতা করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। এবারের উৎসবে সাতটি বাংলা ও ছয়টি ইংরেজি নাটক মঞ্চস্থ হচ্ছে। আরও আছে সেমিনার ও প্রদর্শনী।
লি ব্লেসিংয়ের মূল ইংরেজি নাটকের বাংলা ভাবানুবাদ মুক্তি। ভাবানুবাদ করেছেন মিজারুল কায়েস। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী ও তানভীন সুইটি।