লন্ডনে বসত গাড়ছেন ক্রিস্টেন-প্যাটিনসন
নববর্ষ উদযাপনের পর থেকে লন্ডনেই আছেন আলোচিত তারকা জুটি রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট। শুধু তাই নয়, প্রেমিকা ও ‘টোয়াইলাইট’ সহ-অভিনেত্রী ক্রিস্টেনের সঙ্গে সেখানেই বসত গাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এ ব্রিটিশ অভিনেতা। লন্ডনে বাড়ি কেনারও পরিকল্পনা করেছেন ২৬ বছর বয়সী প্যাটিনসন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিরর অনলাইন জানিয়েছে, এরই মধ্যে লন্ডনে চারটি বাড়ি দেখেছেন ক্রিস্টেন ও প্যাটিনসন। সেগুলোর মধ্যে ব্যয়বহুল একটি বাড়ি দারুণ মনে ধরেছে তাঁদের। সবকিছু ঠিক থাকলে রিচমন্ড শহরের এ বাড়িতেই তাঁরা উঠবেন। ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলীতে নির্মিত চমত্কার বাড়িটি ঘিরে রয়েছে লাল রঙের সীমানাপ্রাচীর। বাড়ির পরিবেশের সঙ্গে লস অ্যাঞ্জেলেস শহরের খানিকটা মিল রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, পেশাগত কাজের জন্য লস অ্যাঞ্জেলেসে থাকতে হলেও এখন থেকে বেশির ভাগ সময় লন্ডনেই কাটাতে চান প্যাটিনসন। এরই মধ্যে বিষয়টি তিনি ক্রিস্টেনকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর সঙ্গে থাকতে হলে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে ক্রিস্টেনকে। প্রসঙ্গত, নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ২২ বছর বয়সী ক্রিস্টেনের পরকীয়ার খবর ফাঁস হওয়ার পর প্যাটিনসন উপলব্ধি করেন, তাঁর জীবনে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তাঁদের সবাই বসবাস করেন যুক্তরাজ্যে। এ জন্য সেখানেই থিতু হওয়ার পরিকল্পনা করেছেন প্যাটিনসন। কাজের প্রয়োজনে মাঝেমধ্যে লস অ্যাঞ্জেলেসে গেলেও বাকি সময়টা শৈশবের স্মৃতিবিজড়িত শহরেই থাকবেন প্যাটিনসন। গত কয়েক মাস ধরে তিনি লন্ডনে নিজের বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন।