লন্ডনে বাংলাদেশের স্বপ্নদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী নাটকের একটি দৃশ্য
লন্ডনে স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী নাটকের একটি দৃশ্য

ধারাবাহিকতার জন্য দশক আগের ‘আ সিজন অব বাংলা ড্রামা’ নামটা রেখে দেওয়া হলেও আক্ষরিক অর্থ ছড়িয়ে এখন এতে যুক্ত হয়েছে অভিনব সব মাত্রা। বলছিলাম গত নভেম্বরজুড়ে লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে ওই শিরোনামের মাসব্যাপী নাট্যোৎসবের কথা। বিলেতে এটি এখন হয়ে উঠেছে বাংলা ভাষাভাষীদের সাংস্কৃতিক শক্তির এক সম্মিলিত উদাহরণ।
‘আ সিজন অব বাংলা ড্রামা’র এবারের ১৩তম আসরে স্বপ্নদল নামে বিলেতে অপরিচিত বাংলাদেশের নবীন একটি নাট্য সংগঠন নির্বাচিত হয়ে এসে দেশের জন্য যে সুনাম কুড়িয়ে নিয়ে গেল, তা এক মনোমুগ্ধকর ঘটনা!
বাংলাদেশের ‘স্বপ্ন’ যেন ‘দল’ হয়ে দেখিয়ে গেল আমাদের দেশের অণু-পরমাণুতে কীভাবে শিল্প–রক্ত প্রবাহিত হচ্ছে! বলা যায়, স্বপ্নদলের ১২ জন বাঙালির থিয়েটারকে, বাংলাদেশের থিয়েটারকে এই শেক্সপিয়ারের দেশে নতুন ও ইতিবাচকভাবে ‘ব্র্যান্ডিং’ করে গেল। ছোট ছোট জিনিসজুড়ে বাংলাদেশে আমরা যে বড় ‘প্রোডাক্ট’ও তৈরি করছি, তার খবরটা আমি পেলাম ত্রিংশ শতাব্দী প্রযোজনা দেখে। স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী আসলে বিলেতের একাডেমিক ও সমালোচকদের সে খবরটা জানিয়ে গেল। আমি বসেছিলাম সে রকম দুজন—ডানিয়েল লামার্স ও অ্যালি ক্যাম্পবেলের সঙ্গে। অ্যালি হচ্ছেন স্বনামধন্য কুইন মারি বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা বিভাগের প্রধান। আমার এ দুজন বন্ধু স্বপ্নদলের অধ্যবসায় ও অধিবিদ্যায় মুগ্ধ হয়ে গেলেন!
ব্র্যাডি আর্টস সেন্টার মিলনায়তনের মঞ্চজুড়ে পড়ে আছে কুঁচকানো খবরের কাগজ আর অন্তত অর্ধশত বাঙালির নিত্যব্যবহার্য কৃত্য বস্ত্র ‘গামছা’। নাটক শুরু হলো ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। আর সে গামছাগুলোই নানান পরম্পরায় হতে লাগল কারখানা, কাঠগড়া, যুদ্ধের পোশাক, মাথার টুপি, আগুনের শিখা, নারীর বস্ত্র, জলযান—এমনই সব ব্যাপার! তাতে বাংলা উঠে আসে বাঙলা নাট্যরীতির আঙ্গিকে, বিশ্ব বীভৎসতা ও মানবের ধ্বংসের বিরুদ্ধে গগনবিদারী হুংকারে। তুলে ধরল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে নিয়ে এল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-সিরিয়া-ইয়ামেন-তুরস্ক-মিয়ানমারে সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ।
বাদল সরকারের লেখা এবং জাহিদ রিপন রূপান্তরিত-নির্দেশিত ত্রিংশ শতাব্দী প্রযোজনাটি যুদ্ধ-গণহত্যা-বর্বরতার বিপরীতে মানুষের বর্তমান কর্তব্যকে স্মরণ করানোসহ সব মানুষকে অবশ্যম্ভাবী কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। নাটকটি একটি অপূর্ব যূথবদ্ধতায় প্রস্ফুটিত হয়ে সভ্যতা ধ্বংসকারীদের বর্তমান কর্মকালকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। বিশ্বযুদ্ধের সৈনিক, সেনাপতি, বিজ্ঞানী, বিমানচালক, উদ্ভাবক—কেউই তা থেকে বাদ পড়লেন না। পাশাপাশি এ যেন ছিল এমন যে বর্তমান যুদ্ধবাজ বিশ্বশক্তির এই বিলেতকে বিপন্ন এ পৃথিবীর কথা মনে করিয়ে দিচ্ছে এই দল। শিল্পের সুশ্রী অঙ্গ থেকে স্মরণ করিয়ে দিচ্ছে সে কথাগুলো—মানুষকে বাঁচাতে হলে যে প্রশ্নগুলোর সমাধান হওয়া একাত্ম আবশ্যকীয়!
ত্রিংশ শতাব্দী প্রযোজনার গ্রন্থিকেরা হলেন জাহিদ রিপন, সামাদ ভূঞা, মেহেদী রানা, জুয়েনা শবনম, রেজাউল মাওলা, জেবুন নেসা, মোস্তাফিজুর রহমান, তানভীর শেখ, শিশির সিকদার, ফজলে রাব্বী সুকর্ণ। নেপথ্যকর্মী হিসেবে ছিলেন নিসর্গ শবনম আর অনিন্দ্য অন্তরীক্ষ।