লন্ডনে লিন্ডসের মঞ্চ অভিষেক

ছোট ও বড় পর্দায় অভিনয়ের পর এবারে মঞ্চনাটকে অভিষেক হচ্ছে হলিউডের বহুল আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহানের।
মার্কিন নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ডেভিড ম্যামেট রচিত ‘স্পিড-দ্য-প্লো’ (১৯৮৮) নাটকটি নতুনভাবে মঞ্চস্থ করছে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটার। নাটকটির অন্যতম প্রধান চরিত্র ক্যারেন। সম্প্রতি ক্যারেন চরিত্রে নিজের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছেন লিন্ডসে। এর আগে এই চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা।
ডেভিড ম্যামেট মার্কিন চলচ্চিত্র ব্যবসার খুঁটিনাটি নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাটক ‘স্পিড-দ্য-প্লো’ রচনা করেন ১৯৮৮ সালে। একই বছরের ৩ মে নাটকটি প্রথম মঞ্চস্থ করে যুক্তরাষ্ট্রের লিংকন সেন্টার থিয়েটার। নাটকটিতে ক্যারেন চরিত্রে অভিনয় করেন ‘পপ সম্রাজ্ঞী’খ্যাত গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা। পরবর্তী সময়ে আরও বহুবার নাটকটি মঞ্চস্থ হয়েছে।
এ বছর ‘স্পিড-দ্য-প্লো’ নাটকটি নতুনভাবে মঞ্চে আনার উদ্যোগ নেয় লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটার। নাটকটিতে ক্যারেন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পাওয়া লিন্ডসে। তিনি চলতি মাসের শুরুর দিকে লন্ডনে উড়াল দেন। লন্ডনে গেলেও ঠিক কী কাজে তিনি সেখানে গিয়েছেন, এত দিন তা স্পষ্ট করে জানাননি তিনি। অবশেষে সম্প্রতি মঞ্চনাটকে অভিষেকের খবর নিশ্চিত করেছেন লিন্ডসে।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় লিন্ডসে লিখেছেন, ‘মঞ্চনাটকটির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
মাদকাসক্তি, মামলা, সাজা, হলিউডে ডুবন্ত ক্যারিয়ার—সবকিছু মিলিয়ে চরম দুঃসময় পার করতে হয়েছে ‘মিন গার্লস’ তারকা লিন্ডসেকে। মঞ্চ নাটকের মাধ্যমে আবার নতুন করে অভিনয় ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। এই সুযোগ পেয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ভক্তদের উদ্দেশে লিন্ডসে টুইট করেছেন, ‘স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। কখনোই হাল ছাড়া যাবে না।’
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২০০৭ সালে মামলা হয় লিন্ডসের বিরুদ্ধে। পরবর্তী সময়ে মাদকাসক্তি, বুনো জীবনযাপনসহ আরও নানা সমস্যায় জড়িয়ে দুর্বিষহ হয়ে ওঠে লিন্ডসের জীবন। তাঁর অভিনয় ক্যারিয়ারে ধস নামে। দারুণ আর্থিক টানাপোড়েনের মধ্যেও পড়তে হয় তাঁকে।
লিন্ডসে অভিনীত ‘লিজ অ্যান্ড ডিক’, (২০১২) ‘দ্য ব্লিং রিং’ (২০১৩), ‘দ্য ক্যানিওনস’ (২০১৩) ছবিগুলো সাফল্যের মুখ না দেখায় হতাশ হয়ে পড়েন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। আদালতের নির্দেশে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে গত বছর চিকিত্সা প্রক্রিয়া শেষ করেন তিনি।
লিন্ডসের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। কিন্তু অভিমানে এখন তিনি যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ সংস্কৃতি লিন্ডসের দারুণ পছন্দ। এরই মধ্যে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসনের প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
এদিকে লিন্ডসে জানিয়েছেন, লন্ডনে স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ পেয়ে তিনি যথেষ্ট মানসিক প্রশান্তি পাচ্ছেন। লন্ডনের অধিবাসীরা তাঁর প্রতি যেমন শ্রদ্ধাশীল আচরণ দেখাচ্ছেন, বিগত কয়েক বছরে তা পাননি বলেও জানিয়েছেন এ তারকা অভিনেত্রী।
লিন্ডসের লন্ডনে স্থায়ী হওয়ার কথা নিশ্চিত করেছেন তাঁর কাছের বন্ধুরাও। তাঁরা জানিয়েছেন, ইদানীং ঘন ঘন যুক্তরাজ্য যাচ্ছেন লিন্ডসে। সেখানে থাকার কোনো জায়গা না থাকায় হোটেলে উঠতে হচ্ছে তাঁকে। এ জন্য দেশটির রাজধানীতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন তিনি। লিন্ডসে লন্ডনে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন বলেও জানিয়েছেন তাঁর বন্ধুরা।
এদিকে, লন্ডনে যাওয়ার পরপরই নেতিবাচক খবরের জন্ম দেন লিন্ডসে। স্থানীয় একটি রেস্তোরাঁয় ব্রিটিশ মডেল কেট মসের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। তিন বছর ধরে সংসার করছেন কেট মস এবং ব্রিটিশ গিটারিস্ট ও গায়ক জেমি হিন্স। গত বছর গায়িকা ও অভিনেত্রী লিন্ডসের সঙ্গে গানের কাজ করতে গিয়ে সখ্য গড়ে উঠেছিল জেমির। চলতি মাসের শুরুর দিকে লন্ডনে গিয়ে জেমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন লিন্ডসে। বিষয়টি জানতে পেরে লিন্ডসের ওপর প্রচণ্ড বিরক্ত হন কেট। তিনি ক্ষোভ চেপে রাখতে না পেরে সবার সামনেই লিন্ডসের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁয় তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যুক্তরাজ্যে লিন্ডসের আগমনের বিষয়টিকে একদমই সহজভাবে নিতে পারেননি কেট। এ ছাড়া তিনি জানতে পারেন, জেমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন লিন্ডসে। এতে তেলে-বেগুনে জ্বলে ওঠেন কেট। স্থানীয় একটি রেস্তোরাঁয় মুখোমুখি হলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। রেস্তোরাঁয় উপস্থিত সবার সামনেই দীর্ঘ সময় ধরে চলে সেই বাগযুদ্ধ।
এ ছাড়া লন্ডনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে লিন্ডসের অস্বাভাবিক আচরণ উপস্থিত সবাইকে ভীষণ অবাক করে। সেখানে কেনাকাটা করতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটান লিন্ডসে। তিনি কয়েকটি পোশাক নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন। হঠাত্ করেই তিনি সেখান থেকে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দৌড়ে বের হয়ে আসেন। দোকান কর্মচারীরা তাঁর গায়ে কাপড় জড়িয়ে দিতে গেলে তিনি দৌড়দৌড়ি করতে থাকেন। দোকান কর্মচারীরাও তাঁর পেছনে ছুটতে থাকেন। সে সময় অদ্ভুতভাবে হাসতে দেখা যায় লিন্ডসেকে। পুরো ঘটনায় তাঁকে বিকারগ্রস্ত মনে হয়েছে বলেই জানান প্রত্যক্ষদর্শীরা।