লন্ডনে শুটিংয়ের জন্য অ্যাশকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

দীর্ঘ বিরতির পর ‘জাজবা’ ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটানোর জন্য সম্প্রতি লন্ডন যান অ্যাশ। সেখানে একটি দাতব্য সংস্থার তহবিল গঠনের জন্য আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেন তিনি। অনুষ্ঠানে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ হয়। এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঐশ্বরিয়া রাই বচ্চনকে লন্ডনে তাঁর পরবর্তী ছবির শুটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
স্বামী অভিষেক, একমাত্র মেয়ে আরাধ্য, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে ছুটি কাটাতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন ঐশ্বরিয়া। সেখানে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি পেশাগত কিছু কাজও করছেন তিনি।
লন্ডনে ঐশ্বরিয়ার অবস্থানের কথা জানার পর তাঁকে স্মাইল ট্রেইন নামের একটি দাতব্য সংস্থার তহবিল গঠনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী সামান্থা ক্যামেরন। ওই অনুষ্ঠানে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপচারিতার সুযোগ পান অ্যাশ। আলাপচারিতার একপর্যায়ে অ্যাশের পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে জানতে চান ডেভিড ক্যামেরন। অ্যাশ তাঁকে জানান, মা হওয়ার কারণে চলচ্চিত্রের কাজ থেকে দীর্ঘদিনের ছুটি নিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘জাজবা’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলেও জানান অ্যাশ। বিষয়টি জানার পর লন্ডনে পরবর্তী ছবিটির শুটিংয়ের জন্য অ্যাশকে আমন্ত্রণ জানান ডেভিড ক্যামেরন।
ঐশ্বরিয়া ২০১১ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন। ভক্ত ও দর্শকদের ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও মা হওয়ার পর অভিনয় জগত্ থেকে নিজেকে গুটিয়ে নেন অ্যাশ। একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে নিজস্ব জগত্ গড়ে তোলেন তিনি। দীর্ঘ বিরতির পর অবশেষে রুপালি পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী।

‘মুসাফির’খ্যাত বলিউডের চলচ্চিত্রনির্মাতা সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঐশ্বরিয়ার মুখপাত্র। এ ছাড়া পরিচালক সঞ্জয়ও তাঁর ছবিতে ঐশ্বরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘সত্যিই ঐশ্বরিয়া রাই বচ্চন আমার ‘‘জাজবা’’ ছবিতে অভিনয় করবেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির শুটিং শুরু করব আমরা। আগামী বছর কান চলচ্চিত্র উত্সবে ছবিটি প্রদর্শিত হবে। এটি নারীকেন্দ্রিক কোনো ছবি নয়। তবে ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে।’
২০১০ সালে মুক্তি পায় অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত স্পাই থ্রিলারধর্মী হলিউডের ছবি ‘সল্ট’। শোনা যাচ্ছে, ‘জাজবা’ ছবিতে অ্যাশের চরিত্রে জোলি অভিনীত সল্ট চরিত্রের ছায়া পাওয়া যাবে। কোনো বডি-ডাবল ব্যবহার না করে ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন অ্যাশ। তিনি এরই মধ্যে চরিত্রটিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১০ সালে সঞ্জয় লীলা বানশালীর ‘গুজারেশ’ ছবিতে দেখা যায় ঐশ্বরিয়াকে। এরপর ‘হিরোইন’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কয়েক দিন শুটিংও করেছিলেন। কিন্তু হঠাত্ করেই ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তাঁর শ্বশুর ও বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। এরপর ‘হিরোইন’ ছবিতে ঐশ্বরিয়ার পরিবর্তে কারিনা কাপুর খানকে নেন নির্মাতা মাধুর ভান্ডারকার।
২০১১ সালের ১৬ নভেম্বর মেয়ে আরাধ্য বচ্চনের জন্ম দেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি মা হওয়ার পর বড়পর্দায় অভিনয় করা থেকে বিরত থাকেন। একমাত্র মেয়ে আরাধ্যকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্যই তাঁর এ সিদ্ধান্ত। ঐশ্বরিয়াকে আবার বড়পর্দায় দেখার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিলেন তাঁর অগণিত ভক্ত ও দর্শক। অবশেষে তাঁদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।