লন্ডনে স্থায়ী হচ্ছেন লিন্ডসে!

মাদকাসক্তি, মামলা, সাজা, হলিউডে ডুবন্ত ক্যারিয়ার—সবকিছু মিলিয়ে চরম দুঃসময়ই পার করতে হয়েছে ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহানকে। আদালতের নির্দেশে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে গত বছর চিকিত্সাপ্রক্রিয়া শেষ করেছেন তিনি। সম্প্রতি এক খবরে যুক্তরাজ্যের মিরর ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন ২৭ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী। এরই মধ্যে সেখানে বাড়ি খোঁজার কাজ শুরু করে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ সংস্কৃতি লিন্ডসের দারুণ পছন্দ। এরই মধ্যে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসনের প্রক্রিয়া শুরু করেছেন তিনি। বর্তমানে তিনি লন্ডনেই অবস্থান করছেন।
লিন্ডসে জানিয়েছেন, শহরটিতে স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ পেয়ে তিনি যথেষ্ট মানসিক প্রশান্তি পাচ্ছেন। লন্ডনবাসী তাঁর প্রতি যেমন শ্রদ্ধাশীল আচরণ দেখাচ্ছেন, বিগত কয়েক বছরে তা পাননি বলেও জানিয়েছেন এ তারকা অভিনেত্রী।
লিন্ডসের লন্ডনে স্থায়ী হওয়ার কথা নিশ্চিত করেছেন তাঁর কাছের বন্ধুরাও। তাঁরা জানিয়েছেন, ইদানীং ঘন ঘন যুক্তরাজ্য যাচ্ছেন লিন্ডসে। সেখানে থাকার কোনো জায়গা না থাকায় হোটেলে উঠতে হচ্ছে তাঁকে। এজন্য দেশটির রাজধানীতে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন তিনি। এই মুহূর্তে লন্ডনে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন তিনি।
এদিকে সম্প্রতি লন্ডনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে লিন্ডসের অস্বাভাবিক আচরণ উপস্থিত সবাইকে ভীষণ অবাক করেছে। সেখানে কেনাকাটা করতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তিনি। কয়েকটি পোশাক নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন লিন্ডসে। হঠাত্ করেই তিনি সেখান থেকে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দৌড়ে বের হয়ে আসেন। দোকান কর্মচারীরা তাঁর গায়ে কাপড় জড়িয়ে দিতে গেলে তিনি দৌড়দৌড়ি করতে থাকেন। দোকান কর্মচারীরাও তাঁর পেছনে ছুটতে থাকেন। সে সময় অদ্ভুতভাবে হাসতে দেখা যায় লিন্ডসেকে। পুরো ঘটনায় তাঁকে বিকারগ্রস্ত মনে হয়েছে বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর আগে যুক্তরাজ্যের একটি রেস্তরাঁয় ব্রিটিশ মডেল কেট মসের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে খবরের শিরোনাম হন লিন্ডসে। তিন বছর ধরে সংসার করছেন কেট মস এবং ব্রিটিশ গিটারিস্ট ও গায়ক জেমি হিন্স। গত বছর লিন্ডসের সঙ্গে গানের কাজ করতে গিয়ে সখ্য গড়ে উঠেছিল জেমির। সম্প্রতি যুক্তরাজ্যে গিয়ে জেমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন লিন্ডসে। এ জন্য তাঁর ওপর প্রচণ্ড বিরক্ত হন কেট। তিনি ক্ষোভ চেপে রাখতে না পেরে সবার সামনেই লিন্ডসের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁয় তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যুক্তরাজ্যে লিন্ডসের আগমনের বিষয়টিকে একদমই সহজভাবে নিতে পারেননি কেট। এ ছাড়া তিনি জানতে পারেন, জেমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন লিন্ডসে। এতে তেলে-বেগুনে জ্বলে ওঠেন কেট। সম্প্রতি স্থানীয় একটি রেস্তোরাঁয় মুখোমুখি হন কেট ও লিন্ডসে। সেখানে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। রেস্তোরাঁয় উপস্থিত সবার সামনেই দীর্ঘ সময় ধরে চলে সেই বাগযুদ্ধ।