
পোশাকের আড়ালে ঢেকে গেছে তাঁর মেধা। সবাই ‘ফ্যাশন রানী’ কিংবা ‘ডিভা’ ডাকতে ডাকতে ভুলেই গেছেন যে, তাঁর আসল পরিচয় হলো, তিনি অভিনেত্রী। প্রতিবার তিনি তাঁর অভিনয়গুণ নিয়ে আসেন দর্শকের সামনে, কিন্তু প্রতিবারই তাঁর নজরকাড়া ব্যক্তিত্বের সামনে ফিকে হয়ে যায় তাঁর অভিনয়। কথা হচ্ছে সোনম কাপুরকে নিয়ে। বক্স অফিসে সফল ছবি নিয়ে কড়া নাড়লেও, কেন জানি সোনম ‘অভিনেত্রী’র জায়গাটায় ঠিক বসি বসি করেও বসতে পারছেন না।
বলিউডবোদ্ধারা এককথায় সোনমকে বলেন ‘বুদ্ধু’ অভিনেত্রী! কারণ, তাঁদের বয়ানে, সোনম নাকি বরাবরই অভিনয়ের চেয়ে বেশি নজর দেন নিজের সাজপোশাকে। কিন্তু এখানে বলিউডবোদ্ধাদের সঙ্গে বিশ্লেষকদের একটা পার্থক্য আছে। বলিউডের বিশ্লেষকদের মতে, বলিউডবোদ্ধারা একটি নির্দিষ্ট ছবি আর চরিত্রের ব্যবচ্ছেদ করে জানান তার ভালো-মন্দ। কিন্তু বলিউড বিশ্লেষকেরা ধারাবাহিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাচাই করেন শিল্পীর মান। তাই সোনম বলিউড বিশ্লেষকদের চোখে হলেন ‘লম্বা রেসের ঘোড়া’!
কেমন করে?
আসুন, জেনে নেওয়া যাক।
২০০৭ সালের সাওয়ারিয়া থেকে শুরু করে হালের ডলি কি ডোলি—এ পর্যন্ত সোনমের এক ডজন ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে বক্স অফিসে ছয়টি ছবিই সফল। অর্থাৎ সোনমের ক্যারিয়ার গ্রাফ আছে ‘ফিফটি ফিফটি’র দোলাচলে। এখনো বড় কোনো পুরস্কার না পেলেও, সোনমের অভিজ্ঞতার খাতা বলে, সঞ্জয় লীলা বানশালী আর ওম প্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে যিনি কাজ করে এসেছেন, তাঁর তো কিছু না কিছু ক্ষমতা আছেই। তা না হলে কোনো ‘খান’ কিংবা ‘কাপুর’, ‘রোশন’, ‘কুমার’-এর জোর ছাড়াই এত দূর আসতে পারতেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর?
সত্যিই তো। সোনমের চলচ্চিত্রগুলো ঘেঁটে দেখলেই বোঝা যায়, শুধু আইটেম গানে নিজেকে আটকে রাখেননি তিনি। যে চরিত্রে অভিনয়ের সুযোগ আছে, তাতেই ঝাঁপিয়ে পড়েছেন। হোক তা ভাগ মিলখা ভাগ-এর মতো কোনো সংক্ষিপ্ত চরিত্রে, কিংবা রাঞ্ঝার মতো কম গ্ল্যামারাস চরিত্রে। নিজেকে পরখ করার ব্যাপারে কোনো দ্বিধা করেননি এই অভিনেত্রী।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সোনম বললেন, ‘আমাকে সবাই আমার ফ্যাশন-ভাবনা দিয়েই চিনবে। কারণ, আমি তো আমার কোনো সহ-অভিনেতার সঙ্গে লুকিয়ে প্রেম করার সুযোগই পাই না। যাঁদের সঙ্গেই কাজ করতে যাই, সবাই বিবাহিত! অভিষেক বচ্চন, ইমরান খান, ফারহান আখতার, আয়ুষ্মান এমনকি ফাওয়াদ খান আর ডলি কি ডোলির পুলকিত সম্রাটও! তাই কোনো না কোনোভাবে আলোচনায় থাকতে হবে। হোক না তা আমার পোশাক কিংবা সাজসজ্জা দিয়ে। মন্দ কি!’
আসলেই তো, মন্দ কি?
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে