লরেন্স এবার বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান ছবিতে জেনিফার লরেন্স
হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান ছবিতে জেনিফার লরেন্স

ক্যাটনিস এভারডিনটা যেন তাঁরই আরেকটা সত্তা। অলটার ইগো। দু-দুটো মরণনেশার হাঙ্গার গেমস ছবিতে লড়াই করে ক্যাটনিস বেঁচে যায়। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বুদ্ধি, সাহস, ধনুকভাঙা প্রতিজ্ঞা, আর কিছুটা ভাগ্যের স্পর্শে টিকে থাকে ক্যাটনিস। বারবার জিতে যায়।
রুপালি পর্দার বাইরে জেনিফার লরেন্সের জীবনের কথাই ধরুন। এই তো কদিন আগে কী ভয়ানক ঝামেলাতেই না পড়েছিলেন। হলিউড তারকাদের ফোন হ্যাক করে ফাঁস হয়ে যাওয়া স্পর্শকাতর সব ছবির সবচেয়ে বড় শিকার ছিলেন তিনিই। কিন্তু ওই যে তাঁর ভেতরে আসলে ক্যাটনিস বাস করে। এক চোখের নির্ভুল নিশানায় দুঃসময়ের কলজেটায় ঠিকই তির বিঁধতে জানেন তিনি!
লরেন্স তাই মহাসমারোহে ফিরে এলেন। ফিরে এলেন এবার ‘হাঙ্গার গেমস’ সিরিজের তৃতীয় ছবি নিয়ে। যে ছবি দিয়ে সিরিজটির শেষের শুরু হয়ে গেল। মকিংজে পার্ট ওয়ান-এর পর আর একটাই পর্ব। এরপরই শেষ হয়ে যাবে এই সিরিজ। ‘হ্যারি পটার’ কিংবা ‘টোয়ালাইট’ সিরিজের অনুসরণে দুটি পর্বে মুক্তি পাচ্ছে এই ছবিটিরও শেষ অধ্যায়।
মুক্তির পর থেকেই টানা দুই সপ্তাহ ধরে বক্স অফিসের শীর্ষে মকিংজে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজকের পকেটে পুরেছে ৪৮ কোটি ডলার। মাত্র পাঁচ দিনে ছবিটি ২০০ মিলিয়নের মাইলফলক পেরিয়ে যায়, ৩০০ মিলিয়নের মাইলফলক পেরোতে সময় নেয় আট দিন, দশম দিনে গিয়ে ছোঁয় ৪০০ মিলিয়নের মাইলফলক।
মকিংজের গল্পে দেখা যাবে, বিপ্লবের সূচনা করছে শোষিতরা। যে বিপ্লব শাসক ক্যাপিটলের বিরুদ্ধে, প্রেসিডেন্ট স্নোর বিরুদ্ধে, পানেম রাজ্যের বিরুদ্ধে। যে বিদ্রোহ শুরু হয়েছে ডিস্ট্রিক্ট থার্টিন থেকে। ডিস্ট্রিক্ট থার্টিন–এর বিদ্রোহী নেতা আলমা কয়েনের অনুরোধে অনেকটা নিমরাজি হয়ে সেই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে ক্যাটনিস। ক্যাটনিসই আসলে ‘মকিংজে’, যে পাখিটার গল্প সিরিজের প্রথম ছবিতেই জেনেছিলেন দর্শকেরা। যে পাখির ব্যাজ পরেই হাঙ্গার গেমসে খেলতে নেমেছিল ক্যাটনিস। বিদ্রোহের প্রতীক এই মকিংজে পাখি হয়ে উঠবে ক্যাটনিস, মেলে দেবে ডানা।
এই ছবিতে দেখা যাবে, ডিস্ট্রিক্ট থার্টিন থেকে হাঙ্গার গেমসে ক্যাটনিসের সঙ্গে অংশ নেওয়া, সেখানে দুজনের প্রেম হয়ে যাওয়া পিটা ক্যাপিটলের পক্ষে কথা বলছে। স্বাভাবিকভাবেই যেটি চমকে দেবে ক্যাটনিসকে, দর্শকদেরও। কয়েন চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ান মুর। এই চরিত্রটি দিয়েও একটা অ্যান্টি ক্লাইম্যাক্স উপহার দিয়েছেন পরিচালক ফ্রান্সিস লরেন্স। সেই রহস্যটা না হয় আপাতত তোলাই থাক।
আর একটা পর্ব দিয়েই হয়তো ‘হাঙ্গার গেমস’ সিরিজ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই সিরিজটি আজীবন স্মৃতিসিন্দুকে যত্ন করে জমিয়ে রাখবেন লরেন্স। এই সিরিজটাই তাঁকে মূলধারার তারকা বানিয়েছে। অথচ ভাবতে অবাক লাগে, লরেন্স কিন্তু প্রথমে বেলা সোয়ান চরিত্রটার জন্যই টোয়াইলাইট ছবিতে অডিশন দিয়ে ব্যর্থ হয়েছিলেন। তাঁকে টপকে সেই চরিত্রটি বাগিয়ে নেওয়া ক্রিস্টেন স্টুয়ার্ট এখন কোথায়, আর লরেন্স পৌঁছে গেছেন কোথায়। হলিউডের শীর্ষ তারকাদের একজন হিসেবে গুনতেই হয় লরেন্সকে।
শুধু আর্থিক সাফল্য বলে নয়, অর্জনের পাল্লাটা আসলে আরও অনেক ভারী। মাত্র ২০ বছর বয়সে পেয়েছিলেন অস্কার মনোনয়ন। যেটি ইতিহাসের তৃতীয় কনিষ্ঠ হিসেবে অস্কার মনোনয়ন পাওয়ার কীর্তি। ২২ বছর বয়সে আবার যখন মনোনয়ন পেয়ে ইতিহাসই গড়লেন। এত কম বয়সে সেরা অভিনেত্রী বিভাগে দুবার অস্কার মনোনয়ন পাননি আর কোনো অভিনেত্রী। ২০১২ সালে শুধু মনোনয়নই পাননি, জিতেছেনও। ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার!
অবশ্য মকিংজের প্রথম পর্ব নিয়ে সমালোচনাও হচ্ছে। ইনডিপেনডেন্ট যেমন লিখেছে, ছবিটি যেমন হতাশ করেনি, আবার খুব বেশি আশাবাদীও করেনি। কিন্তু দর্শক আগ্রহের হিসাব বলছে, হাঙ্গার গেমস নিয়ে ক্ষুধা এখনো আছে এর ভক্তদের মধ্যে।
রাজীব হাসান
হলিউড রিপোর্টার অবলম্বনে