লস অ্যাঞ্জেলেসে আনন্দ উৎসব
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-প্রবাসী বাঙালিদের এক সম্মিলনের আয়োজন করা হয়েছে। ‘আনন্দ উৎসব’ নামের তিন দিনের এই আয়োজন শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর। উৎসবের আয়োজন করেছে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকাগোষ্ঠী। সহযোগিতা করছে কেকেএন শিল্পগোষ্ঠী। আর তা অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস থেকে নয় মাইল দূরে পাসেডিনার কনভেনশন সেন্টারে। এখানে ৫৫ হাজার বর্গফুট জায়গায় প্রবাসী বাঙালিদের এই আনন্দ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারত আর বাংলাদেশের প্রখ্যাত শিল্পীসহ বিশিষ্টজনেরা।এ উপলক্ষে শুক্রবার বিকেলে ভারতের কলকাতার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উৎসব লোগোর উন্মোচন করেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনস্যুলেট জেনারেল বেথ পেন এবং কেকেএন শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক কৌশিক কুমার নাথ।আনন্দ উৎসবের নানা দিক তুলে ধরেন আনন্দবাজার গ্রুপের ভাইস প্রেসিডেন্ট কৌশিক ব্যানার্জি।তিনি জানান, আনন্দ উৎসবে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা যোগ দেবেন। উৎসবে থাকবে সংগীতানুষ্ঠান, নাটক, নানা পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা। মিলবে বাঙালিদের নানা স্বাদের খাবার। বাংলাদেশ থেকে যোগ দেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, হাবিব এবং আইয়ুব বাচ্চু ও তাঁর এলআরবি।