লস অ্যাঞ্জেলেসে কাল শুরু হচ্ছে বাঙালিদের ‘আনন্দ উৎসব’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাঙালিদের মহাউৎসব শুরু হচ্ছে কাল ৪ সেপ্টেম্বর শনিবার। ‘কেকেএন-আনন্দ উৎসব ২০১০’ শিরোনামে শুরু হওয়া এ উৎসব চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী আয়োজিত এ উৎসব শুরু হবে লস অ্যাঞ্জেলেস থেকে নয় মাইল অদূরে পাসাডোনার কনভেনশন সেন্টারে। প্রবাসী বাঙালিদের এই মহামিলনের আনন্দ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারত আর বাংলাদেশের প্রখ্যাত শিল্পীসহ বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে থাকছে সংগীতানুষ্ঠান, নাটক, নানা পণ্যের প্রদর্শনী ও বিক্রয়। থাকছে শপিংয়ের নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলিউড তারকা শর্মিলা ঠাকুর, সোহা আলী খান, সংগীতশিল্পী হরিহরণ, সুনীধি চৌহান, ঊষা উত্থুপ, অনুসুয়া মজুমদার, পরিচালক অঞ্জন দত্তসহ অনেকে। এ ছাড়া থাকবেন প্রখ্যাত সরদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান এবং তাঁর দুই ছেলে আমান আলী ও আয়ান আলী খান। উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, হাবিব।