লা গ্যালারিতে শুরু হলো দলীয় প্রদর্শনী 'জলজ'

নদী মাতৃক এই দেশের মানুষের জীবন-যাপন জল লগ্ন। অথচ নগরকেন্দ্রিক জীবনের সঙ্গে তাল মিলাতে গিয়ে বাংলার মানুষ আকাশমুখো হচ্ছে। গ্রাম-শহর আজ ঊর্ধ্বমুখী দালানে সয়লাব। কিন্তু জলের অনুভব যে জড়িয়ে আছে তাঁর সহস্র বছরের সংস্কৃতিতে-দলীয় চিত্র প্রদর্শনী জলজ এর শিল্পীরা মানুষকে সে কথা মনে করিয়ে দিতে চান।
আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। আজ শুক্রবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী অধ্যাপক মাহমুদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আমাদা রিয়াল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস খান। আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রুণো প্লাস অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এই প্রদর্শনীতে প্রায় ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

দলীয় চিত্রকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী বিষাণ ভক্ত, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার এবং সাদেক আহমেদ। ছবিগুলো শহরের মানুষকে মনে করিয়ে দিবে, তাদেরও একটা নদী ছিল যেখানে তারা সাঁতার কাটত বা যার তীরে বসে কবিতা লিখত। নদীর ধারের মাটিতেই বুনত স্বপ্নের বীজ। শিল্পীদের জল লগ্ন এই ছবিগুলোয় মুঘল মুসলিম ঐতিহ্য বা কালি মন্দিরের নকশার প্রভাব দেখা যায়।
গোলাম মশিউরের ছবিতে আছে জীবনের সংগ্রাম, বিষাণের ছবিতে রয়েছে প্রকৃতির বন্দনা। আবার আখির সরকার তাঁর ভেতরের মানুষটিকে বের করে আনার চেষ্টা করেছেন। সাদেকের ছবিতে বরাবরের মতোই হারানো শহরে আলো-ছায়ার খেলা খুঁজে পাবেন দর্শক।

প্রদর্শনীটি চলবে ১১ ই ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।