লাইট অ্যান্ড সাউন্ড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক লালবাগ কেল্লায় স্থাপিত ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে করে এ কথা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ইতিহাস পুনরুদ্ধার এবং ঐতিহ্যবাহী স্থাপনার সংস্কার ও সংরক্ষণকাজের অংশ হিসেবে ঢাকা মহানগরের পুরোনো অংশে অবস্থিত মোগল আমলে নির্মিত ঐতিহাসিক লালবাগ দুর্গের গৌরবোজ্জ্বল ইতিহাস ও এর অনুপম স্থাপত্যশৈলীকে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ পদ্ধতিতে জনসমক্ষে উপস্থাপনই এর উদ্দেশ্য। শুষ্ক মৌসুমের মধ্য নভেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত প্রতিদিন দুটি করে প্রদর্শনী হবে। প্রতিদিন দুটি প্রদর্শনীর মাধ্যমে এক হাজার (প্রতি প্রদর্শনীতে পাঁচ শ) দর্শনার্থী এটি উপভোগ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি প্রদর্শনীর জন্য জনপ্রতি ২০ টাকার টিকিট লাগবে। সন্ধ্যার পর ৩০ মিনিট করে এই প্রদর্শনী হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।