লাইট, ক্যামেরা, অ্যাকশন, মাস্ক অন

শুটিং সেটের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে মাস্ক। নাটক-সিনেমার গল্প লেখা থেকে শুরু করে বাজেট তৈরি, শুটিং, প্রচারণার সময় মুখোশের এখন বেশ কদর। লিখেছেন মনজুরুল আলম।

‘হাওয়া’ ছবির প্রচারণা অভিযানের জন্য তৈরি মাস্ক পরে আছেন অভিনেত্রী নাজিফা তুশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
’ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল’ টেলিছবির দৃশ্যে তানজিন তিশা, মুনতাহিনা ও আফরান নিশো

শুটিংসঙ্গী মাস্ক

‘আর যা-ই আনি বা না আনি, মাস্ক সঙ্গে থাকবেই। একটা নয়, একাধিক। তোমাদের ভাবি অতিরিক্ত মাস্ক সঙ্গে দিয়ে দেয়।’ নতুন স্বাভাবিকে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এভাবেই বলছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। একই সুর শাহনাজ খুশির কথায়, ‘সবার আগে আমার মাস্ক লাগে।’

এভাবেই বদলে গেছে শুটিং সেটে শিল্পী-কুশলীদের অগ্রাধিকার। মাস্ক হয়ে উঠেছে সবার নিত্যদিনের শুটিংসঙ্গী। মোশাররফ করিম বলেন, ‘এখন মাস্ক ছাড়া বাসার দরজা পেরোলেই মনে হয় কী যেন সঙ্গে নেই, কিছু একটা ফেলে এসেছি।’

নতুন এক অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কিছুদিন আগে মাস্ক ছাড়াই বাসা থেকে বেরিয়েছিলেন শুটিংয়ের জন্য। হঠাৎ বুঝতে পারেন সঙ্গে করে মাস্ক আনেননি। মাঝপথে গাড়ি থামিয়ে শতাধিক মাস্ক কিনে নেন। এরপর সেসব গাড়ি, বাড়ি, ভ্যানিটি ব্যাগ—সব জায়গায় আলাদা করে রেখে দেন।

ছবির প্রচারণায় মাস্ক

করোনাভাইরাস সংক্রমণে অনিশ্চিত হয়ে পড়েছে নতুন ছবির মুক্তি। এ কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মুক্তির প্রতীক্ষায় থাকা ছবির প্রচারণায়ও। করোনার প্রভাব কমতে শুরু করায় আবার হাওয়া ছবির প্রচারণা শুরু করছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। আর ছবির এই প্রচারাভিযানের মূল সরঞ্জাম হিসেবে তিনি বেছে নিয়েছেন মাস্ক। অভিনব এই প্রচারণা নজর কেড়েছে অনেকের। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মাস্ক এখন সবার জন্য খুবই অপরিহার্য। যে যা-ই করুক, মুখে মাস্ক পরতেই হবে। তাই চলমান ইস্যুর সঙ্গে মিল রেখে প্রচারণাকৌশল সাজিয়েছি, ছবিটি দর্শকদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। মূল প্রচারণার স্লোগান সে অনুযায়ী দেওয়া—“হাওয়া আসছে মুখ বন্ধ রাখুন।”’

চঞ্চল চৌধুরী পরেছেন তাঁর অভিনীত ‘হাওয়া’ ছবির প্রচারণার জন্য তৈরি মাস্ক
সমসাময়িক প্রেক্ষাপটে ধরতেই গল্পে প্রবেশ করছে মাস্ক। এই সময়ের গল্প মাস্ক ছাড়া কল্পনা করাই যায় না।

ছবির প্রচারণাকৌশল যে দর্শকের নজর কেড়েছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ডে এসে অনেকেই হাওয়া ছবির লোগোসংবলিত ছবি মাস্কের খোঁজ করছেন। নির্মাতা জানালেন, মাস্ক সব অফিস থেকে হাওয়ার মতো উড়ে গেছে! ছবির শিল্পী চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুশিসহ বেশ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মাস্ক পরে ছবি পোস্ট করেছিলেন। সেই থেকেই আলোচনার শুরু হয়।

চিত্রনাট্যে মাস্ক

চিত্রনাট্যের পাতায় পাতায় লেখা থাকছে ‘মাস্ক’ শব্দটি। এটিও এখন নাটক-বিজ্ঞাপনচিত্রের এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে। মাস দুয়েক আগেই ভারতীয় বাংলা ও হিন্দি টিভি সিরিয়ালের চিত্রনাট্যে সময়ের প্রয়োজনেই ঢুকে পড়ে মাস্ক। ঈদুল আজহা থেকে বাংলাদেশি নাটকের গল্পেও ঘটে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটির আগমন। চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন, ‘সমসাময়িক প্রেক্ষাপটে ধরতেই গল্পে প্রবেশ করছে মাস্ক। এই সময়ের গল্প মাস্ক ছাড়া কল্পনা করাই যায় না।’

মাস্ক, গাল্ভস, স্যানিটাইজার এখন নাটকের চিত্রনাট্যের জন্য গুরুত্বপূর্ণ। ঈদুল আযহার একটি নাটকের দৃশ্যে তৌকীর ও তারিন।

নাম প্রকাশ না করার শর্তে একজন চলচ্চিত্র অভিনেত্রী জানান, সমসাময়িক প্রেক্ষাপটে লেখা এক গল্পে অভিনয় করছিলেন। বাইরের দৃশ্য। কিন্তু দৃশ্যধারণ শেষে হঠাৎ বুঝতে পারলেন, বাইরে তো এ সময় মাস্ক পরা জরুরি। পরে টানা চার ঘণ্টা ধরে আবারও একই দৃশ্য ধারণ করা হয়। এই ঘটনাটি ঘটে গাজীপুরে।

এভাবেই নাটকে, শুটিংয়ে, গল্পে আর জীবনে মাস্ক হয়ে উঠেছে এক অপরিহার্য চরিত্র। শিল্পী, নির্মাতা, কুশলীরা অভ্যস্ত হয়ে উঠছেন শুটিংয়ের এই নতুন স্বাভাবিক নিয়মে।

চেনা মুখ হয়েছে অচেনা

করোনার সঙ্গনিরোধকাল শেষ হতেই নাটক-বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হতে থাকে। শুটিংয়ে ফিরে মাস্ক নিয়ে মজার অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকেন তারকা শিল্পীরা। করোনায় অনেক তারকাই চুল ছাঁটতে পারেননি। তাই দীর্ঘ চার মাসে বদলে গেছে অনেকের চুলের ছাঁট। তার ওপর মাস্কের আড়ালে ঢাকা থাকে মুখের পুরো ৯৫ শতাংশ। এ জন্যই লম্বা বিরতির পর শুটিংয়ে গিয়ে চেনা মুখগুলো অনেকের কাছে অচেনা লাগছে। অভিনেত্রী নাবিলা ইসলাম ও নাদিয়া আহমেদকে প্রথম দেখায় চিনতে পারেননি জাহিদ হাসান। এই অভিনেতা বলেন, ‘অনেক দিন পর সবার সঙ্গে দেখা, তার ওপর মুখে মাস্ক—কেমন করে চিনি, বলুন!’ ফজলুর রহমান বাবু জানান, তিনি প্রায় পাঁচ মাস বিরতি দিয়ে ভদ্রপাড়া ধারাবাহিকের শুটিংয়ে ফিরেছিলেন। সেটে ঢুকে শুরুতে দীর্ঘদিনের সহকর্মী চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশিকে চিনতে পারেননি।

মাস্কের আড়ালে অভিনেত্রী ভাবনার চেনা মুখও লাগে অচেনা

তবে অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরীর অভিজ্ঞতা অন্য রকম। তিনি ভেবেছিলেন, মাস্কের আড়ালে মুখ ঢাকলে হয়তো কেউ তাঁকে চিনতে পারবে না। কিন্তু এরই মধ্যে এই ধারণা বদলে গেছে। তিনি বলেন, ‘ভেবেছিলাম মাস্ক পরে শপিং মলে যাব, নিজের ইচ্ছেমতো অনেক জায়গায় যাব, ভিড় এড়িয়ে প্রয়োজনীয় কাজগুলো করতে পারব। কেউ চিনবে না। কিন্তু যেখানেই যাই, চোখ আর কথা শুনে সবাই চিনে ফেলে!’

বাড়তি খরচ মাস্কে

এমনিতেই দেশের নাটকের বাজেট কম, সেই বাজেটে ভাগ বসিয়েছে মাস্ক আর স্যানিটাইজার। যেখানে একজন নির্মাতা বাজেটের কারণে প্রয়োজনীয় সহ-অভিনেতা নিতে পারেন না, সেখানে একটি এক ঘণ্টার নাটকে প্রায় দেড়-দুই হাজার টাকার মাস্ক লাগছে। নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘আগে শুটিংয়ে শ খানেক মানুষ থাকত। সেখানে এখন ৪০ থেকে ৫০ জন নিয়ে কাজ করছি। সবার নিরাপত্তার জন্য প্রতিদিন উন্নত মানের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছি। এই নিরাপত্তা মানতে হচ্ছে নিজেদের স্বার্থে।’