লাইটটা ডানে ঘুরে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সকাল। এফডিসির প্রধান ফটক পেরিয়ে হেঁটে চলেছি সাত নম্বর ফ্লোরের দিকে। এদিকে লোকজনের আনাগোনা কম। সাত নম্বর ফ্লোরের সামনে যেখানে পথ শেষ হলো, সেখান থেকেই শোনা গেল ‘না না, লাইটটা আরও একটু ডানে ঘুরে যাবে...’। কথা বলছেন পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রাম। একটু পর তিনি আবার বললেন, ‘নায়কের চোখে রাগের আবহ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?’ ভেতরে ঢুকে দেখা গেল শাহ মোহাম্মদ সংগ্রামের চোখ ক্যামেরার মনিটরে আর ক্যামেরার সামনে চিত্রনায়ক বাপ্পী। চলছে কী প্রেম দেখাইলা চলচ্চিত্রের শুটিং। একটি মারপিটের দৃশ্য ধারণ করা হচ্ছে এখানে। ‘বেশ খানিকটা সময় লাগবে দৃশ্যটি ধারণ করতে’—জিজ্ঞেস করতেই জানালেন ছবিটির প্রডাকশন ব্যবস্থাপক। এই ফাঁকে অনায়াসেই কথা বলার সুযোগ মিলল চিত্রনায়িকা আঁচলের সঙ্গে। বেশ হাসিমুখে কথা শুরু করলেন তিনি, ‘আজই প্রথম শুটিং। সামাজিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় চলচ্চিত্রটির ঘটনা। আশা করছি, একটি ভালো চলচ্চিত্র উপহার দিতে পারব আমরা।’এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ববিতা, নূতন, আলীরাজ, সাদেক বাচ্চু, আসিফ ইকবাল, ইলিয়াস কোবরাসহ অনেকেই। প্রধান খলচরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নতুন। কেন খলচরিত্রে নতুনকে বেছে নিলেন—এমন প্রশ্নে পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রাম বললেন, ‘চরিত্রটি করার মতো আর কাউকে দাঁড় করাতে পারিনি আমরা। সে জন্য তাকেই রাজি করিয়েছি। আশা করছি দর্শকেরা ভিন্ন স্বাদ পাবেন এই চলচ্চিত্র থেকে।’এরই মধ্যে মারপিটের দৃশ্যটির শুটিং শেষ। তাই এবার ফুরসত মিলল চলচ্চিত্রটির নায়ক বাপ্পীর সঙ্গে কথা বলার। মারপিটের অভিনয় করতে গিয়ে অনেকটা ক্লান্ত তিনি। বললেন, ‘শুটিংয়ে আসার আগে অভিনয় ও নাচের দৃশ্যের জন্য দুই ঘণ্টা গ্রুমিং করেছি। তারপর আবার শুটিংয়ে এসেই মারপিটের দৃশ্য! তাই একটু দ্রুত ক্লান্তি চলে এসেছে।’ ‘লাইট রেডি। এই বাপ্পী কোথায়?... ক্যামেরা রোলিং...।’ আবার শুরু হচ্ছে শুটিং। অতএব, বাপ্পীর সঙ্গে আমাদের কথোপকথনের ইতি এখানেই।