
দীর্ঘ চারটি বছর পর পার্ল জ্যাম তাদের নতুন অ্যালবাম নিয়ে হাজির হলো।
এ মাসের ১৪ ও ১৫ তারিখে অ্যালবামটি যথাক্রমে ইউরোপ ও আমেরিকায় বের হয়েছে। বের হতে না হতেই তা বিলবোর্ড শীর্ষ ১০ রক অ্যালবামের তালিকায় শীর্ষস্থানটি দখল করে আছে। সেখান থেকে তারা কবে নামবে, তা বলা মুশকিল। অতীতেও তাদের অ্যালবাম বছর খানেক ধরে শীর্ষ তালিকায় থাকার ইতিহাস আছে। আজ আমরা স্বনামধন্য ও বিশ্ববিখ্যাত দল, যারা গ্রাঞ্জের অন্যতম পথপ্রদর্শক, তাদের কথা জানব। ‘পার্ল জ্যাম’ দলটি আমেরিকার ওয়াশিংটনের সিয়াটলে ১৯৯০ সালে গড়ে ওঠে। শুরু থেকেই স্টোন গোসার্ড (গিটার), জেফ অ্যামেন্ট (বেজ), মাইক ম্যাকক্রিডি (গিটার) এবং এডি ভেডার (ভোকাল) ছিলেন। তাঁদের ড্রামার পরিবর্তিত হয় পাঁচবার। ১৯৯৮ সাল থেকে ম্যাট ক্যামেরন তাঁদের সঙ্গে ড্রামার হিসেবে আছেন।
ম্যাট ক্যামেরন আগে সাউন্ডগার্ডেন নামের অন্য এক বিশ্ববিখ্যাত গ্রাঞ্জ দলে ড্রামস বাজাতেন।
পার্ল জ্যাম গড়ে উঠছিল, কেননা স্টোন গোসার্ড ও জেফ অ্যামেন্টের আগের দল ‘মাদার লাভ বোন’ ভেঙে যায়। সেই দলটি ১৯৮৭-১৯৯০ সাল পর্যন্ত স্থায়ী ছিল। দলের মূল ভোকাল অতিরিক্ত হেরোইন সেবন করার কারণে ১৯৯০ সালের মার্চ মাসে মৃত্যুবরণ করেন। স্টোন গোসার্ড ও জেফ অ্যামেন্ট জুটি তারও আগে থেকে একসঙ্গে বাজাতেন। ১৯৮৪ সাল থেকে তাঁরা ‘গ্রিন রিভার’ নামের গ্রাঞ্জ পথিকৃৎ একটি দলে ছিলেন। এডি ভেডার ১৯৮৬ সাল থেকে ‘ব্যাড রেডিও’ নামের একটি দলের ভোকাল ছিলেন।
১৯৯০ সালে স্টোন গোসার্ড, জেফ অ্যামেন্ট তাঁদের সঙ্গে আরেক গিটারিস্ট মাইক ম্যাকক্রিডিকে সঙ্গে নিয়ে অনুশীলন শুরু করেন।
পাঁচটি গানের একটি ডেমো টেপ রেকর্ড করে তাঁরা সেই ডেমো টেপ শুনিয়ে ভোকাল ও ড্রামার খুঁজতে থাকেন। তাঁরা রেড হট চিলি পেপারসের সাবেক ড্রামার জ্যাক আয়রনসের কাছে ডেমোটি দিয়েছিলেন। জ্যাক আয়রনস তাঁর বাস্কেটবল খেলার বন্ধু এডি ভেডারকে সেই ডেমো টেপটি দিয়েছিলেন। ভেডার সেই পাঁচটি গানের মধ্যে তিনটি গানে কণ্ঠ দিয়ে তা রেকর্ড করে ফেরত পাঠান। তিনটি গানের মধ্যে ছিল ‘এলাইভ’, ‘ওয়ানস’ ও ‘ফুটস্টেপস’।
স্টোন গোসার্ড, জেফ অ্যামেন্ট ও মাইক ম্যাকক্রিডি সেই তিনটি গান শুনে এডি ভেডারকে তাঁদের সঙ্গে যুক্ত করেছিলেন। প্রথম ড্রামার ছিলেন ডেভ ক্রসেন। শুরুতে তাঁরা তৎকালীন নামকরা বাস্কেটবল খেলোয়াড় ‘মুকি ব্লেক’-এর নামানুসারে দলের নামকরণ করেন। তবে ১৯৯০ সালের শেষ দিকে এপিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর নাম বদলে ‘পার্ল জ্যাম’ রাখেন।
পার্ল জ্যাম নামকরণের বিষয়টি নিয়ে একটি দ্বন্দ্ব আছে। এডি ভেডার বলেছিলেন, তাঁর দাদির মায়ের নাম ছিল পার্ল। সেখান থেকে তাঁর মাথায় নামটি আসে। আবার আরেক সূত্রে জানা যায়, অ্যামেন্ট দলের নাম পার্ল বলে প্রস্তাব করেন। পরবর্তী সময়ে তাঁরা নীল ইয়াংয়ের কনসার্ট দেখেন, যেখানে ইয়াং প্রতিটি গান ইম্প্রোভাইজ করেন। ইম্প্রোভাইজ করে প্রতিটি গান প্রায় ২০ মিনিট জ্যাম করেন। সেখান থেকে তাঁদের মাথায় পার্লের সঙ্গে জ্যাম যুক্ত করার বিষয়টি আসে।
পার্ল জ্যাম ১৯৯১ সালের মার্চ মাসে তাদের প্রথম অ্যালবাম রেকর্ড করা শুরু করে। সে বছরের ২৭ আগস্ট অ্যালবামটি বের হয়। মুকি ব্লেক-এর জার্সি নম্বর অনুসারে তারা অ্যালবামের নাম দেয় টেন।
টেন অ্যালবামের শুরুতেই ‘ডেভ ক্রসেন’ দল ত্যাগ করে মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে যান। এরপর প্রথমে ম্যাট চ্যাম্বারলেইন ও পরে ডেভ অ্যাব্রুভেজ্জ্যে দলের ড্রামার হিসেবে অ্যালবামের কাজ শেষ করেন।
টেন অ্যালবামটি প্রথমে খুব আস্তে আস্তে বিক্রি হলেও ১৯৯২ সালের মাঝামাঝি তা অত্যন্ত সফল অ্যালবাম হয়ে যায়। সে সময় তা বিলবোর্ড তালিকায় দ্বিতীয় স্থান দখল করে। পার্ল জ্যামের সেই বিখ্যাত অ্যালবাম টেন দুই বছরের বেশি সময় ধরে বিলবোর্ড শীর্ষ তালিকায় স্থান দখল করে ছিল এবং ১৩ প্লাটিনাম সার্টিফিকেট অর্জন করে।
প্রথম অ্যালবামের মাত্রাতিরিক্ত সাফল্য পার্ল জ্যামের সদস্যরা অত্যন্ত বিব্রত হয়েছিলেন। কেননা, তাঁরা খ্যাতি চাননি। তার পরও তাঁরা ১৯৯৩ সালের এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসে চারটি বিভাগে পুরস্কার পেয়েছিলেন ‘জেরেমি’ গানটির ভিডিও’র জন্য। এ কারণে তাঁরা পরবর্তী সময়ে আর মিউজিক ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলেন। মিউজিক ভিডিও না বানানোর ব্যাপারে এডি ডেভার অত্যন্ত মূল্যবান একটি কথা বলেন। তাঁর ভাষ্যমতে, মিউজিক ভিডিও বের হওয়ার আগে হেডফোনের মাধ্যমে চোখ বন্ধ করে গান শুনলে শ্রোতার সামনে তাঁর নিজস্ব কল্পনার চিত্র ভেসে উঠবে। গানটি তখন নিজের সত্তার সঙ্গে মিশে যাবে। কিন্তু মিউজিক ভিডিও থাকলে সেই কল্পনাকে ছিনিয়ে নেওয়া হয়।
১৯৯৩ সালের শুরুর দিকেই পার্ল জ্যাম তাদের দ্বিতীয় অ্যালবাম রেকর্ড করতে শুরু করে। সে বছরের ১৯ অক্টোবর অ্যালবামটি বের হয়। ভার্সেস শীর্ষক অ্যালবামটি প্রথম সপ্তাহে নয় লাখ ৫০ হাজার ৩৭৮ কপি বিক্রি হয়ে বিলবোর্ড শীর্ষ সব তালিকার মধ্যে শীর্ষস্থান দখল করে। এখন পর্যন্ত তারা ১০টি অ্যালবাম বের করেছে।
নব্বইয়ের দশকের শুরুর দিকের অন্যান্য গ্রাঞ্জ দলের তুলনায় পার্ল জ্যামের গানের ধরন কম ভারী ছিল। ১৯৭০ সালের ক্ল্যাসিক রকের সঙ্গে তাদের শব্দের কিছু মিল পাওয়া যায়। তবে তারা পাঙ্ক রক দ্বারা খুবই প্রভাবিত। সব মিলিয়ে তাদের অলটারনেটিভ রক, গ্রাঞ্জ ও হার্ড রকের মিশ্রণে একটি রক গানের দল বলা যায়।
পার্ল জ্যাম তাদের দুই দশকের বেশি সময়ের যাত্রায় বিশ্বসংগীতের এই অলটারনেটিভ, গ্রাঞ্জ ধারায় ব্যাপক প্রভাব ফেলেছে। অসংখ্য দল তাদের দ্বারা প্রভাবিত। নব্বইয়ের দশকে পাকিস্তানে রক-সংগীতের চর্চায়ও তাদের প্রভাব আছে। পার্ল জ্যামের এডি ভেডারের কণ্ঠ সর্বাধিক অনুকরণ করা গায়কের কণ্ঠের মধ্যে অন্যতম। তবে পার্ল জ্যাম দলটি খ্যাতির পেছনে ছোটেনি। যদিও তাদের গান দলটিকে বিশ্বের অন্যতম বিখ্যাত একটা রক দলে পরিণত করেছে।
পার্ল জ্যামের যত অ্যালবাম
টেন (১৯৯১)
ভার্সেস (১৯৯৩)
ভাইটালজি (১৯৯৪)
নো কোড (১৯৯৬)
ইল্ড (১৯৯৮)
রাইনর্যাল (২০০০)
রায়ট অ্যাক্ট (২০০২)
পার্ল জ্যাম (২০০৬)
ব্যাকস্পেসার (২০০৯)
লাইটনিং বোল্ট (২০১৩)
পার্ল জ্যামের সদস্যরা
জেক অ্যামেন্ট
বেজ গিটার (১৯৯০-বর্তমান)
স্টোন গোসার্ড
রিদম ও লিড গিটার (১৯৯০-বর্তমান)
মাইক ম্যাকক্রিডি
লিড গিটার (১৯৯০-বর্তমান)
এডি ডেভার
লিড ভোকালস, রিদম গিটার
(১৯৯০-বর্তমান)
ম্যাট ক্যামেরনৎ
ড্রামস (১৯৯৮-বর্তমান)
মনোয়ারুল হক